গ্রেপ্তারকৃত ৫০ রাজনীতিবিদের বিরুদ্ধে আগামী সপ্তাহেই দুর্নীতির মামলা হচ্ছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘোষিত তালিকা অনুযায়ী দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত ৫৫জন রাজনীতিবিদের ৫০ জনের বিরুদ্ধে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে কমিশন।
এর আগে গত ৬ মার্চ মার্চ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে কমিশন।
যোগাযোগ উপদেষ্টা এবং জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন বুধবার সাংবাদিকদের বলেন, “আগামী সপ্তাহে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর কমিশন মামলা দায়ের করবে।”
উপদেষ্টা বলেন, “যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই রাজনৈতিক নেতা। টাস্কফোর্সের মাধ্যমে তাদের বিরুদ্ধে ৫০টি সুনির্দিষ্ট অভিযোগ ইতোমধ্যেই আনা হয়েছে। আরও কিছু অভিযোগ রয়েছে। তাও তদন্ত করে দেখা হচ্ছে।
“কমিশনকে সহায়তা করতে জাতীয় সমন্বয় কমিটির আইনগত কোন বাধা নেই। কমিটি যতোদিন প্রয়োজন কাজ করে যাবে। কমিটির চাহিদা অনুযায়ী সরকারের কাছ থেকে তহবিল নিয়ে খরচ চালানো হচ্ছে।”
তিনি বলেন, “গ্রেপ্তার হওয়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দায়েরের পর যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তারাই এ কাজ করবে। কমিশন ইতোমধ্যে ২০ জন তদন্তকারী কর্মকর্তার পদায়ন করেছে। আরও ১০ জনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হচ্ছে কিনা-- জানতে চাইলে তিনি বলেন, “তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। টাস্কফোর্স অভিযোগগুলো খতিয়ে দেখছে।”
