হত্যার দায়ে সিলেটে দুই জনের ফাঁসি, ১০ জনের দুই মেয়াদে যাবজ্জীবন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও তাদের কন্যাসন্তান হত্যা মামলার রায়ে দুইজনকে ফাঁসি এবং ১০ জনকে দুই মেয়াদে যাবজ্জীবন (ডাবল) কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো মুজিব মিয়া ও লেচু মিয়া।
বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ আগষ্ট রাতে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের নবাগি গ্রামের মুক্তিযোদ্ধা ফটিক চৌধুরীর অন্তঃসত্তা স্ত্রী হোসনে আরা লাভলি ও দেড় বছর বয়সী শিশুকন্যা আকলিমাকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে হত্যা করে। এ ঘটনায় ফটিক চৌধুরী বাদি হয়ে একই গ্রামের ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
১২ আসামির মধ্যে আবুল হোসেন ও আবদুল মতিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালতে মামলার অভিযোগপত্র গঠন হয় এবং বিচার কাজ শুরু হয়। ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয়।
দুটি হত্যায় জড়িত থাকার দায়ে মামলার অপর দশ আসামিকে দুই মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এরা হলো, সরাব আলী, উস্তার আলী, সমসাদ আলী, সেলিম, আবদুল মতিন, আবুল হোসেন, আমির আলী, আফতাব, আমির মিয়া, আবুল হোসেন।
