২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালো টাকার ব্যবহার বন্ধ করতে বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে’

‘কেউ আইনের উর্দ্ধে নয়। কালো টাকা যাতে কেউ নির্বাচনে ব্যবহার করতে না পারে সেজন্য দুর্নীতি দমন ও নির্বাচন কমিশনকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।’

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বুধবার সকালে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতবিনিময়কালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ একথা বলেন। একই দিন বিকেলে তিনি স্থানীয় সুধীজনদের সঙ্গেও মতবিনিময়কালে প্রায় একই কথা বলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জনগণের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে দুর্নীতিবিরোধী অভিযান চালাতে গিয়ে যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে ড. ফখরুদ্দিন আহমদ বলেন, ‘দেশের জনগণের সুবিধার কথা চিন্তা করেই সরকার খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির ব্যবস্থা করেছে।’

এতে বাজারের চড়া ভাব কমে যাবে বলে তিনি আশা করেন।

তিনি জানান, দেশে স্বাধীনভাবে আইন প্রয়োগ যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগ স্বাধীন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়নের জন্য জরুরি প্রয়োজন না হলে সরকারি জমিতে বসবাসরত গরিব মানুষকে তাৎক্ষণিকভাবে যেন উচ্ছেদ করা না হয় সেদিকেও নজর রাখতে হবে।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা সুধী সমাজের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে তার বাস্তবায়ন ঘটাতে এবং প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে বর্তমান সরকার। এজন্য দেশের সব নাগরিকের উচিত সরকারকে সহযোগিতা করতে এগিয়ে আসা।’

প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের পক্ষে খন্দকার হাফিজুর রহমান, নওগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রকিব, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ, এনজিও প্রতিনিধি মুস্তাফিজুর রহমান খান আলম প্রমুখ। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন প্রেস সচিব ফাহিম মুনেম, রাজশাহী বিভাগীয় কমিশনার আনিসউদ্দিন মঞ্জুর, জেলা প্রশাসক ডা. আমিনুল ইসলাম প্রমুখ।