২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র ক্যাডারের জন্য ৭ লাখ, কাস্টমসের জন্য ১০ লাখ, ফেল করলে বাড়ে টাকার অংক........................

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন এমন শতকরা ৯৮ ভাগেরই কমিশনের ওপর আস্থা নেই। বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গবেষণায় বলা হয়েছে, পিএসসিতে সক্রিয় একটি চক্র অনৈতিক সুবিধা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে থাকে। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের জন্য ৮ থেকে ১০ লাখ টাকা এবং প্রফেশনাল ক্যাডারের জন্য ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ দিতে হয়। ফেল করা পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঘুষের পরিমাণ আরো বেড়ে যায়। প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র ক্যাডারের জন্য ৮ থেকে ১০ লাখ টাকা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা এবং প্রফেশনাল ক্যাডারের জন্য ৩ থেকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। (আরো তথ্যসহ)

‘সরকারি কর্ম কমিশন : সমস্যা ও উত্তরণ’ শীর্ষক গবেষণাটি প্রকাশ উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, বিসিএস এর দুর্নীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। পিএসসির চেয়ারপারসন ও সদস্যদের অনুষ্ঠানে আসার জন্য বলেছিলাম। তারা আসতে রাজি হননি।

গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, পাশাপাশি বা দল বেঁধে পরীক্ষা দেয়ার জন্য ৫শ’ থেকে ১ হাজার টাকা, প্রশ্ন ফাঁসের জন্য ১ লাখ থেকে ৫ লাখ টাকা, নম্বর বাড়ানোর জন্য ৩ হাজার থেকে ৫ হাজার টাকা (প্রতি বিষয়ে), কমিশন থেকে উত্তরপত্র বের করে পুনরায় লিখে দেয়ার জন্য ৩ হাজার থেকে ৫ হাজার টাকা এবং পরীক্ষা চলার সময় বাইরে থেকে উত্তর লিখে জমা দেয়ার জন্য ১ হাজার থেকে ২ হাজার টাকা ঘুষ দিতে হয়।

গবেষণার জন্য চালানো জরিপে ৪শ’ ৩৪ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর মধ্যে ৯৮ ভাগ তথ্যদাতার কমিশন ও এর সদস্যদের কার্যক্রমের ওপর আস্থা নেই। কমিশনের চেয়ারম্যানের ওপর আস্থা নেই ৯৫ ভাগ তথ্যদাতার।

টিআইবির এ প্রতিবেদন সম্পর্কে পিএসসির চেয়ারম্যান অধ্যাপিকা জেড এন তাহমিদা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স  কে বলেন, “বুধবার টিআইবির প্রতিনিধিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা স্বীকার করেছিলেন যে তাদের গবেষণায় তথ্যগত ভুল রয়েছে। তা চূড়ান্ত প্রতিবেদনে ঠিক করে নেবেন টিআইবি কর্তৃপক্ষ। কিন্তু তা না করে পুরনো ও ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এছাড়া প্রতিবেদনটির নমুনায়ন পদ্ধতিও সঠিক নয়। সুতরাং প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট।”

তবে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মো. রবিউল ইসলাম বৈঠকে অংশ নিয়ে গবেষণায় প্রাপ্ত বিভিন্ন তথ্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, গবেষণার নমুনায়ন আরো ব্যাপক হলে ভালো হতো। পিএসসির বাছাই প্রক্রিয়ায় দুর্বলতা রয়েছে।

আলোচনায় অংশ নিয়ে বিচারপতি গোলাম রব্বানী বলেন, ২৫, ২৬ ও ২৭তম বিসিএস এ যে দুর্নীতি হয়েছে তা ৪০ বছর ধরে চলবে। এটা থেকে কীভাবে বাঁচা যায় সেটা ভাবতে হবে।

সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ১৯৯৪ সালে এক উর্ধ্বতন সহকর্মী তার এক আত্মীয়কে পাশ করিয়ে দেওয়ার তদ্বির করেন।

ডা. হেদায়েত আলী খান বৈঠকে অভিযোগ করে বলেন, ২৪তম বিসিএস এ ড্যাবের তালিকা অনুসারে চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়েছে। নামের ভুলের কারণে নিয়োগ দেওয়া হয়নি।

প্রসঙ্গত, ২৪তম বিসিএস এর প্রিলিমিনিরি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কমিটির প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, পিএসসির সাবেক চেয়ারম্যান মোস্তফা চৌধুরী, পুলিশের সাবেক আইজি মো. নুরুল হুদা, পিএসসির সাবেক সদস্য ড. হামিদা বানু, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রমুখ।