২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইলি স্টারের নীলফামারী প্রতিনিধি গ্রেপ্তার

ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান টিপুকে বুধবার সকালে তার শহরের সবুজপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, শহরের সার ব্যবসায়ী ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েনের (বিএফএ) সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার বাপ্পি ভৌমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান টিপু তার কাছে ‘অনৈতিক’ দাবি করেছিলেন। তার এই দাবি পূরণ না করায় সার সংকটের একটি ছবি গত ১৭ মার্চ ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতায় প্রকাশ করা হয়।

বিশ্বজিত কুমার বাপ্পি ভৌমিকের এই অভিযোগটি দ্রুত বিচার আইন --২০০৬ এর ৪ ধারায় মঙ্গলবার রাত ১০ টার দিকে নথিভুক্ত করা হয়। বুধবার দুপুরে  টিপুকে আদালতে পাঠানো হয়। 

এ বিষয়ে ঢাকা থেকে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছুই বলা যাবে না।” অভিযোগে ‘অনৈতিক’ দাবি বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞ্যেস করা হলে তিনি বলেন, “অনৈতিক দাবি হতে পারে ঘুষ, হতে পারে সার দাবি। এ ছাড়া আরও অনেক কিছুই হতে পারে।” তবে নির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।

এদিকে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহেদ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডেইলি স্টারে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদককে ডেকে তার কাছে সংবাদটির ব্যাখ্যা চান। পরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “ওই সাংবাদিক তাকে দেখা করতে বলার পরও তিনি দেখা না করায় এই সংবাদ ছেপে থাকতে পারেন।”

এদিকে জেলা প্রশাসক রাজশাহীতে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।