শীর্ষ আইনজীবীদের অভিযোগ খারিজের আবেদন
সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ড. কামাল হোসেনসহ শীর্ষ ১২ আইনজীবীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আবেদনের ওপর আদালত প্রাথমিক শুনানি গ্রহণ করেছে। আগামী বুধবার আবার শুনানি হবে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিটের শুনানি স্থগিত করাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গত ৩০ নভেম্বর ভাংচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় সুপ্রিম কোর্ট কিপার নুরুল ইসলাম শাহবাগ থানায় ভাংচুরের মামলা করেন।
এরপর একই ঘটনায় ৪ ডিসেম্বর ব্যারিস্টার ওমর সাদাত সিএমএম আদালতে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২১ ডিসেম্বর পুলিশ ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমীরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আইনত একই ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা দায়ের করা যায় না এবং কোর্ট কিপার নুরুল ইসলাম প্রথম মামলা করায় ওমর সাদাতের দায়ের করা দ্বিতীয় মামলাটি নাকচ করার আবেদন জানানো হয়। নুরুল ইসলামের দায়ের করা মামলায় এখনও অভিযোগপত্র না দেওয়ায় মামলাটির বর্তমান অবস্থা জানাতে সরকারপক্ষকে আদেশ দেওয়া হয়।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় রাজনৈতিক উদ্দেশে ওমর সাদাত শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শুনানিতে সরকার পক্ষে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুর রউফ।
সুপ্রিম কোর্ট চত্বরে গত বছর ৩০ নভেম্বর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকন উদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে ৪ ডিসেম্বর মহানগর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়।
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাত মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সম্মিলিত আইনজীবী পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ও আসওয়াফুর রহমান।
