২৪ কোটি টাকা বিল খেলাপির অভিযোগে চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
২৪ কোটি টাকা তিতাস গ্যাস বিল খেলাপির দায়ে বৃহস্পতিবার রূপগঞ্জের তারাবোর চুন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তালুকদার কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ সময় আইন-- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারখানাটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যাণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ জানান, তালুকদার কেমিক্যালের কাছে তিতাসের বকেয়া বিল রয়েছে ২৪ কোটি টাকা। এ ছাড়া কারখানার চোরাই পথে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া হয়েছিল। গ্যাসের মিটারের সিল ভেঙ্গে টেম্পারিং করা হয়েছে যাতে গ্যাসের বিল প্রকৃত বিলের তুলনায় অনেক কম হয়। বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও কারখানার মালিক ও তার লোকজনের হুমকির কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো কর্মী এতোদিন কারখানায় ঢুকে মিটার তল্লাশি করার সাহস পায়নি।
তিনি আরও জানান, ব্যবস্থাপক আতাউর রহমানকেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হক তালুকদার পলাতক রয়েছেন।
তিতাস গ্যাস টি এণ্ড ডি কোম্পানি লি. এর নারায়ণগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী আমির আহমেদ জানান, তালুকদার কেমিক্যাল নারায়ণগঞ্জে তিতাসের শীর্ষ বিল খেলাপী।
