দুর্নীতিসহ বিভিন্ন মামলায় জামিন চাওয়ার অধিকার স্থগিত
জরুরি অবস্থা চলাকালে দুর্নীতি ও ধ্বংসাত্মক কার্যকলাপসহ বেশকিছু মামলায় জামিন আবেদন করার অধিকার স্থগিত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আইনের ফাঁকফোঁকর গলে যাতে দুর্নীতিবাজসহ অপরাধীরা পার পেয়ে যেতে না পারে সে জন্য সরকার জরুরি ক্ষমতা অধ্যাদেশ সংশোধন করে এই বিধান করেছে।
তত্ত্বাবধায়ক সরকারের বড়রকম সংস্কার কর্মসূচির উদ্যোগ হিসেবে সন্দেহভাজন দুর্নীতিবাজ ও অপরাধীদের গ্রেপ্তার অভিযানের মধ্যে নতুন এই নিয়ন্ত্রণ আরোপ করা হল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য আইনে যাই থাকুক না কেন, জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারায় তদন্তাধীন কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি কোন আদালত বা ট্রাইবুনালে জামিন আবেদন করতে পারবেন না।
একই সঙ্গে নতুন এই সংশোধনীতে চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত কোন মামলার তদন্ত বা কোন অপরাধের অনুসন্ধান চলাকালে আদালতের কাছে আদেশ বা রুল চাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
জরুরি অধ্যাদেশের ১৪ ধারায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ধ্বংসাত্মক কার্য, মজুদদারি, ওষুধ ও খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণ, মুদ্রা ও সরকারি স্ট্যাম্প জালকরণ, কালোবাজারি, চোরাচালান দমনে কার্যকর ব্যবস্থা নেবে।
১৫ ধারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানিলন্ডরিং প্রতিরোধ আইন ২০০২ এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪ ভিত্তিতে দুর্নীতি, কালো টাকা সাদাকরণ, এবং কর ফাঁকি প্রতিরোধে সন্দেহভাজানদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
সংশোধিত অধ্যাদেশে প্রদত্ত ক্ষমতাবলে তদন্তকারী কর্মকর্তারা দুর্নীতির সন্দেহভাজন ব্যক্তির ব্যাংক, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের একাউন্ট এবং কর অথবা আয়করের কাগজপত্র জব্দ করতে পারবে। তবে এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
সংশোধিত এই আইনের ফলে দুর্নীতির সন্দেহভাজন ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে দুদক।
সরকারের বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে জরুরি ক্ষমতা অধ্যাদেশের এই সংশোধন করা হয়েছে। এর আগের সংশোধনীতে সরকারই কেবল সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারত।
