২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় ওবায়দুর রহমানের দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও সাংসদ এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমানকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। পিতা আতিকুর রহমান এবং মা রাবেয়া বেগমের কবরের পাশে তাকে কবর দেওয়া হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বুধবার ঢাকায় একাধিক জানাজা শেষে রাত ১১টায় মরদেহ ফরিদপুর নিয়ে এসে ডায়াবেটিক হাসপাতালের মর্গে রাখা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে পঞ্চম দফা জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় নগরকান্দা এমএন একাডেমী মাঠে এবং দুপুর পৌনে ১২টায় তার গ্রামের লস্কারদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শেষবারের মতো জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এখানে প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এরপর মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানেও হাজার হাজার শোকার্ত মানুষ তাদের প্রিয় নেতার মুখ শেষ বারের মতো দেখতে ভীড় করে।

বিকেল তিনটায় পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে তাকে শায়িত করা হয়।