জামিন আবেদনের সুযোগ রদ করায় খুলনার ব্যবসায়ীরা উদ্বিগ্ন
দুর্নীতিসহ বিভিন্ন মামলায় জামিন আবেদনের সুযোগ রহিত করে জরুরি ক্ষমতা বিধিমালা সংশোধন করায় বৃহস্পতিবার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার কেসিসিআই এর সভাপতি শাহারুজ্জামান মুরতাজার নেতৃত্বে প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করলে উপদেষ্টা তাদের বলেন, সৎ এবং প্রকৃত ব্যবসায়ীদের এ সংশোধনীর পর চিন্তিত হওয়ার কোন কারণ নেই।
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “যারা দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদের এ বিষয়ে ভয় পাওয়ার কোনই কারণই নেই।”
সরকার গত বুধবার রাতে জরুরি ক্ষমতা বিধিমালা--২০০৭ দ্বিতীয় দফা সংশোধন করে এ সম্পর্কিত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ১৩ ফেব্র“য়ারি থেকে এটি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জরুরি ক্ষমতা বিধিমালায় অপরাধ তদন্ত, অনুসন্ধান, গ্রেপ্তার এবং অভিযুক্ত ব্যক্তির স্থাবর--অস্থাবর সম্পত্তি জব্দ করার ক্ষমতা সরকার বা সরকারের নির্দেশিত কোন ব্যক্তির পরিবর্তে সরাসরি দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্তদের জামিন আবেদনের সুযোগও রহিত করা হয়েছে।
কেসিসিআই সংশোধনীর দ্বিতীয় অংশ নিয়েই তাদের উদ্বেগের কথা অর্থ উপদেষ্টার কাছে প্রকাশ করেছেন।
বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন আখ্যায়িত করে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এ কারণে ব্যবসায়ীরা চিন্তিত হতেই পারে।
মির্জ্জা আজিজুল ইসলাম এসময় প্রধান উপদেষ্টার উদ্বৃতি দিয়ে বলেন, “সংশোধনীটি সবার জন্য প্রয়োগ করা হবে না, এটি শুধুমাত্র অভিযুক্তদের বিরুদ্ধেই প্রয়োগ হবে।”
প্রতিনিধিদলটি উপদেষ্টার কাছে খুলনা অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয়টিও অবহিত করে।
কেসিসিআই সভাপতি শাহারুজ্জামান মুরতাজা বলেন, “আমরা উপদেষ্টার কাছে মংলা বন্দর সচল করাসহ খুলনার কাছাকাছি গভীর বন্দর স্থাপনের ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছি।”
