২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ছিল খারাপ : যুক্তরাষ্ট

২০০৬ সালেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ছিল আগের মতোই খারাপ। বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক কারণে নির্যাতন এবং বিশেষ করে নারী ও সংবাদকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট দপ্তরের বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বুধবার রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার এবং মেয়াদ শেষে তার পদত্যাগের পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলেও আগের মতোই মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যা, বিতর্কিত কারণে গ্রেপ্তার ও আটকাদেশ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস ছিল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।

প্রতিবেদনে আরো বলা হয়, নিরাপত্তাবাহিনীর সদস্যদের আচরণ ছিল নির্মম, এবং তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এছাড়া সংবাদকর্মীদের ওপর নির্যাতন ও ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপও করা হয়েছে।

সরকারের দুর্নীতিকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি সমালোচনা করা হয়েছে নারী ও শিশুদের বিরুদ্ধে সন্ত্রাস ও পাচারের ঘটনাকেও।