সংশোধন করা হচ্ছে নির্বাচনী আচরণ বিধিও
নির্বাচনী আইন সংশোধন করার পর নির্বাচনী আচরণ বিধিও সংস্কার করবে নির্বাচন কমিশন। সর্বশেষ ১৯৯৬ সালে আচরণ বিধি সংস্কার করা হয়েছিল। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নফহবংি২৪.পড়স কে বলেছেন,“নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ--১৯৭২) সংস্কার করা ছাড়াও নির্বাচনী আচরণ বিধিতে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে।”
আচরণবিধিতে কী ধরণের সংস্কার করা হতে পারে, তা জানতে চাইলে তিনি বলেন,“নির্বাচনী আইনগুলো পর্যালোচনা শেষ করার পরেই আমরা আচরণ বিধি পর্যালোচনা করবো। এর পরেই বলা সম্ভব এতে কী কী পরিবর্তন করা হবে।”
কমিশনের একজন কর্মকর্তা জানান, ১৯৯৬ সালের নির্বাচনী আচরণ বিধির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে, নির্বাচনী তফসিল ঘোষণার পর কমিশন শুধু বৈধ প্রার্থীদের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ আনতে পারে। কিন্তু প্রতিবারই দেখা যায়, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নামে দেয়াল লিখন ও পোস্টার -- ব্যানারে শহর -- নগর ছেয়ে যায়।
তিনি জানান, এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান কমিশনের নেই। কমিশন এখন চিন্তা করছে, আচরণ বিধিতে কীরকম সংশোধনী এনে বিষয়টির প্রতিকার করা যায়।
ওই কর্মকর্তা আরও জানান, আচরণ বিধির একটি ধারায় বলা হয়েছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কমিশন অথবা নির্বাচনী তদন্ত কমিটি তা তদন্ত করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে এর বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কিন্তু আচরণ বিধির সুস্পষ্ট লংঘন হলেও যদি এর বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ না করে , সে ক্ষেত্রে কমিশন কী আইনগত ব্যবস্থা নিতে পারবে তার কোনো বিধান নেই। এবার বিধি সংশোধনের সময় কমিশন এ বিষয়টিও মাথায় রাখবে।
কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এরই মধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনী আইনের সংস্কারের পরেই কমিশন সংসদ নির্বাচন করতে চায়। এ জন্য তারা নির্বাচন সম্পর্কিত আইন সংস্কারের একটি খসড়া তৈরী করেছেন। এখন এই খসড়াটিরই পর্যালোচনা চলছে।
