ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে এক সংঘর্ষে গুরুতর আহত আমির হামজা নামের এক ব্যক্তি বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নের মানিকপুর গ্রামের দুই দলের সংঘর্ষে আমির হামজাসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের বাঞ্ছারামপুর, নরসিংদী ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আমির হামজা ভোররাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
বাঞ্ছারামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা মীর হোসেন জানান, সংঘর্ষকারী দুই দলের মধ্যে একটি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে দুপুর ৩ টা ২৫ মিনিট পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি।
