নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে বাংলাদেশ
নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে আকাশে উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাবিবুলের দল দুই উইকেট আর ছয় বল হাতে রেখে হারিয়ে দিয়েছে ফ্লেমিং এন্ড কোম্পানিকে।
জেমস ফ্রাঙ্কলিনের করা ম্যাচের শেষ ওভারে পর পর দুটো ছক্কা হাঁকিয়ে কিউইদের ৫০তম ওভার করার কষ্টটুকু আর দেননি মাশরাফি বিন মর্তুজা।
এর আগে ব্যাটসম্যানদের জন্য কাজটিও সহজ করে দিয়েছিলেন মাশরাফিই। দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নেওয়া মাশরাফির তাণ্ডবে একসময় নিউজিল্যান্ডকে মনে হচ্ছিল নবিশী দল। ৭৪ রান করতেই ছয় জন ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন যে! স্পিনার রাজ্জাকও এ ইনিংসে চারটি উইকেট তুলে নেন। জ্যাকব ওরামের ৮৮ রানে ভর করে ২২৬ রানের মোটামুটি একটি সংগ্রহ দাঁড় করতে পেরেছিল নিউজিল্যান্ড।
বাঘবাহিনীর নতুন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৪৮ বলে ৪৬ করে বাংলাদেশকে একটা দারুণ শুরু এনে দিয়েছিলেন। তার সঙ্গী জাভেদ ওমরও করেছিলেন ৪৫। তারপরই নিয়মিত উইকেট পতনে একটু ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু নিজের দিনে যে একাই দলকে জিতিয়ে দিতে পারেন তা প্রমাণ করতে নয় নম্বরে ব্যাট করতে নামা মাশরাফি ১৪ বলে করেন অপরাজিত ৩০ রান। এই রান করতে তিন ছক্কার আরেকটি মেরেছেন তিনি অস্ট্রেলিয়ার জন্য ত্রাস হিসেবে দেখা দেয়া শেন বন্ডকে।
