উন্মুক্ত জলাশয়ে জেলেদের অধিকার নিশ্চিত করতে চায় সরকার
টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে উন্মুক্ত জলাশয়ে জেলেদের মৎস্য আহরণ অধিকার নিশ্চিত করতে মৎস্য আইন, নীতিমালা এবং রাজস্ব আদায় পদ্ধতিগুলো পর্যালোচনা করে দেখছে সরকার।
মঙ্গলবার মৎস্য ব্যবস্থাপনায় সামাজিক অংশীদারিত্ব বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. সি এস করিম একথা জানান।
উপদেষ্টা বলেন, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনসহ নানা কারণে উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ আজ হুমকির মুখোমুখি। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদকে বাঁচাতে হবে।
ঢাকায় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, ওয়ার্ল্ড ফিশ সেন্টার, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া অফিসের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপদেষ্টা সি এস করিম বলেন, মাছ হচ্ছে আমিষ এবং দারিদ্র বিমোচনের অন্যতম উৎস্য। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতকরা প্রায় ৬ ভাগ মৎস্য খাত থেকে আসছে। দেশের প্রায় ১২ লাখ মানুষ প্রত্যক্ষ এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ পরোক্ষভাবে এ খাতের উপর নির্ভরশীল।
তিনি বলেন, পরিবেশগত কারণে বাংলাদেশে রয়েছে সবচেয়ে বেশি প্রজাতির মাছ। এর মধ্যে মানবসৃষ্ট বিভিন্ন কারণে নানা প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। সম্মিলিত উদ্যোগ এবং যথাযথ ও যৌক্তিক কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, ওয়ার্ল্ড ফিস সেন্টার, মালয়েশিয়ার ডিজি ড. স্টিফেন জে হল, ওয়ার্ল্ড ফিস সেন্টার, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া অফিসের আঞ্চলিক পরিচালক অ্যালান সি ব্র“কস অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
