ম খা আলমগীর ও লোটাস কামালের আটকাদেশ অবৈধ: হাইকোর্ট
আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর ও আ হ ম মোস্তফা (লোটাস) কামালের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের পক্ষে দায়ের করা আলাদা দুইটি আবেদনের ওপর পূর্নাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় প্রদান করে।
গত ১১ জানুয়ারি জরুরি ঘোষণার পর ড. মহিউদ্দিন খান আলমগীর ও লোটাস কামালকে ৪ ফেব্র“য়ারি যৌথবাহিনী গ্রেফতার করে। ৫ ফেব্র“য়ারি সরকার তাদের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয়। ওই আটকাদেশের বৈধতা নিয়ে নিয়ে ড. মহিউদ্দিন খান আলমগীরের ভাই ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও লোটাস কামালের ভাই গোলাম সরওয়ার আবেদন দায়ের করেন।
এদিকে হাইকোর্টের অপর একটি বেঞ্চ আওয়ামী লীগ আমলের পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র সচিব সহ নয় জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে।
গত ২৫ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব জমা দিতে গেলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৮ ফেব্র“য়ারি তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার তানজীব উল আলম। সরকারপক্ষে আবেদনটি বিরোধিতা করে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল ফিদা এম কামাল।
