ভারত--বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম: সংলাপে বক্তারা
বাংলাদেশ--ভারত সম্পর্কে অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি দূর এবং দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।
ব্র্যাক সেন্টার ইনে মঙ্গলবার গণমাধ্যম ও সংস্কৃতি বিষয়ক ভারত--বাংলাদেশ সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ মত দিয়েছেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের (আইআইসি) সহযোগিতায় সেন্টর ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তিনদিনব্যাপী এ সংলাপ আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেন বলেন, “অবাধ তথ্য প্রবাহ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি বলেন, “এজন্য রাজনৈতিক অবিশ্বাস দূর করার পাশাপাশি দুদেশের নৈকট্যের বিষয়গুলো প্রতিফলনের ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালাও নির্ধারণ করতে হবে।”
উপদেষ্টা বলেন, “বর্তমান তত্ত্ববধায়ক সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে একটি অর্থবহ ও ইতিবাচক সম্পর্কের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে থাকে।”
সংলাপের কো--চেয়ারম্যান এবং বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত বলেন, “সরকারের সঙ্গে জড়িত নয় এমন সব লোকজন দুদেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, “দুদেশের প্রচার মাধ্যম যে ধরনের স্বাধীনতা ভোগ করে তা গর্ব করার মতো।”
তবে বাংলাদেশের প্রসঙ্গে ভারতীয় প্রচারমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দুদেশের সম্পর্কের মাঝে যে অবিশ্বাস রয়েছে তা দূর করতে প্রভাবকের ভূমিকা রাখতে পারে দুদেশের গণমাধ্যম।”
তিনি ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে বাধা প্রসঙ্গে বলেন, “বাণিজ্যিক কারণেই ভারতের দর্শকরা এসব চ্যানেল থেকে বঞ্চিত হচ্ছেন।”
