বিএসইসি ভবনে আগুন লাগে বৈদ্যুতিক গোলযোগ থেকে: তদন্ত প্রতিবেদন
রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক গোলযোগ থেকে। ভবনটি নির্মাণ করা হয়েছিল আগুন নিয়ন্ত্রণ নীতিমালা না মেনে। অন্যদিকে দমকল বাহিনীর পর্যাপ্ত উপকরণ না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়ে যায়।
বিএসইসি ভবনে আগুনের ঘটনায় দমকল বাহিনীর তদন্ত কমিটির রিপোর্টে এ কথা বলা হয়েছে। তবে প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুর রহমান। এতে বেশকিছু সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম নফহবংি২৪.পড়স কে বলেছেন, “স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদন দুটি সমন্বয় করার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক গোলযোগের কারণে দ্বিতীয় তলায় বেঙ্গল গ্র“পের অফিস থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকলেও তা কাজ করেনি। কাজ করলে আগুন নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। চার, পাঁচ ও ছয় তলায় দাহ্য বস্তুর পরিমাণ ছিল কম। কিন্তু সাত, আট ও নয় তলায় দাহ্য বস্তুর পরিমাণ বেশি থাকায় এ তলাগুলোতে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বহুতল ভবনটি নির্মানের সময় আগুন নিয়ন্ত্রণ বিধিমালা অনুসরণ করা হয়নি। এছাড়া রাজউকের কাছ থেকে ১০ তলা ভবন করার অনুমতি নিয়ে ১১ তলা নির্মান করা হয়।
দমকলের সীমাবদ্ধতার ব্যাপারে বলা হয়, আগুন নিয়ন্ত্রণের সময় ব্যবহার্য জুতা, হেলমেট এবং মইয়ের অভাব ছিল। এগুলো থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যেতো।
সুপারিশে বলা হয়েছে, বহুতল ভবন ব্যবহারকারীদের আগুনে আত্মরক্ষার কৌশল সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ দেবেন দমকল বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা। দমকলের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত কিনতে হবে। ঢাকায় ‘ফায়ার স্টেশন’ বাড়াতে হবে এবং বহুতল ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণ বিধিমালা কঠোরভাবে মানতে হবে।
