গ্যাস উদগীরণ রোধে তিতাস কূপে শুরু হচ্ছে লগিং
ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রামে গ্যাস উদগীরণ রোধে চলতি মাসের মাঝামাঝি সময়ে তিতাস গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে শুরু হচ্ছে লগিং। পর্যায়ক্রমে এরপর ছয়, আট ও নয় নম্বর কূপেও লগিং করা হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহীদুল আবেদীন জানান, গ্যাস উদগীরণ রোধে তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর লোকেশনের ১০ নম্বর কূপে এ মাসের মাঝামাঝি সময়ে লগিং শুরু করা হবে। এর ফলে রিগে কোনো ত্র“টি থাকলে তা চিহ্নিত করা সম্ভব হবে।
তিনি বলেন, ১৯৮৮ সালে ১০ নম্বর কূপ নির্মাণকালে লগিং এর সিমেন্টেশনে কিছু দুর্বলতা ছিল। কোন কোন অংশে সিমেন্টেশন ঠিকমত হয়নি। এ কারণে গ্যাস উদগীরণ হতে পারে।
এদিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ের আনন্দপুর ও শ্যামপুরের প্রায় ৬ হাজার মানুষের গ্যাস আতঙ্ক কমাতে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখনো প্রচারণা চালাচ্ছে।
শ্যামপুর গ্রামে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে সাইনবোর্ড এবং গ্যাস উদগীরণস্থলে টানানো হয়েছে লাল পতাকা।
শ্যামপুর গ্রামের আবদুল মালেক জানান, লইস্কা বিলের প্রায় ১ হাজার একর জমির কয়েক হাজার ফাটল দিয়ে এখনো বুদ বুদ করে গ্যাস বের হচ্ছে। এর অনেক গুলোতেই জ্বলছে আগুন জ্বলছে। এ কারণে বিলের ফসলি জমি ক্রমশ অনুর্বর হয়ে পড়ছে।
