২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের রাস্তায় অজগর!

গরীর আমবাগান ও সিটি গেট এলাকায় মঙ্গলবার সকালে চারটি অজগর এবং বিকেলে একটি অজগর সাপ পাওয়া গেছে। পুলিশ এবং স্থানীয় লোকজন সাপগুলো চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

চিড়িয়াখানা কর্তৃপক্ষের ধারণা, সাপগুলো কেউ বাসা বাড়িতে পুষত। বন্যপ্রাণী রাখার দায়ে সম্প্রতি দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়া শুরু করায় ভয় পেয়ে কেউ অজগরগুলো ফেলে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সিটি গেট সংলগ্ন রেললাইনে সকাল নয়টার দিকে একটি বস্তা দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে বস্তাবন্দি দুটি সাপ উদ্ধার করে। এরমধ্যে একটি সাপ ১৩ ফুট এবং অন্যটি ১২ ফুট লম্বা।

 এছাড়া সকালেই নগরীর আমবাগান এলাকা থেকে খুলশী থানা পুলিশ আরও দুটি বস্তাবন্দি সাপ উদ্ধার করে। বিকেলে এই জায়গা থেকেই আরও একটি অজগর সাপ পাওয়া গেছে। এটার দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। খুলশী থানার এসআই শামসুল আলম বলেন, এই সাপটিও কেউ পুষত। তবে এটা বস্তাবন্দি ছিল না।

চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক ডা. মনজুর মোরশেদ বলেন, একসঙ্গে পাঁচটি অজগর পাওয়ার ঘটনা সবার মনেই সন্দেহ সৃষ্টি করেছে। কেউ এগুলো ঘরে পুষত। তিনি বলেন, বন্য প্রাণী রাখার দায়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ায় ভয়ে সাপগুলো ছেড়ে দেওয়া হতে পারে।

ডা. মনজুর মোরশেদ আরও বলেন, সাপগুলো জঙ্গল থেকে এলে ছটফটে স্বভাবের হতো। কিন্তু এগুলো সে রকম নয়।