গণমাধ্যমের সামনে আনা হবে না শীর্ষ ৬ জঙ্গিকে
আইনি বাধ্যবাধকতার কারণে ফাঁসির আদেশ পাওয়া শীর্ষ জঙ্গি নেতাদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে না। মঙ্গলবার এ কথা সাফ জানিয়ে দিয়েছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ফাঁসির দণ্ডাদেশ পাওয়া শীর্ষ জঙ্গিদের গণমাধ্যমের সামনে হাজির করার ক্ষেত্রে আইনগত জটিলতা আছে। এ কারণেই তাদেরকে আনা যাবে না।”
জঙ্গিদের নেপথ্যে অথবা রাজনৈতিক মদতদাতা হিসাবে কেউ ছিল কিনা সরকার সেটি বের করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “স্বাভাবিক তদন্তেই এগুলো বেরিয়ে আসবে।”
আইন উপদেষ্টা বলেন, জঙ্গিদের ফাঁসি কেন্দ্রীয় কারাগারে হওয়ার সম্ভাবনা বেশি। তবে কবে কোথায় ফাঁসি কার্যকর হবে-- জেল কোড অনুযায়ী সেটি নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতির কাছে শীর্ষ জঙ্গিদের ফাঁসি মওকুফের আবেদন নাকচ প্রসঙ্গে তিনি বলেন, “আবেদনগুলো পড়ে মনে হয়নি তারা অনুতপ্ত। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতিও এর সঙ্গে একমত হয়েছেন।”
মইনুল হোসেন জানান, জঙ্গিদের ফাঁসি কার্যকরের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সংশয়ে আছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
