বেঁচে থাকার কোনো অবলম্বনই নেই ওদের
পাঁচ বছরের শিশু নোমানকে কোনরকমে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছিলেন বাবা মোরশেদ। প্রথমবার দেয়ালে লেগে মাটিতে পড়ে গেলে তাকে আবার কোলে তুলে নেওয়ার চেষ্টা চালান তিনি। উঠে দাঁড়াবার সময় দেখেন পেছন থেকে তাকে জাপটে ধরেছে অনেকগুলো হাত। সবাই বাঁচতে চাচ্ছে। এরপরও কোনোরকমে উঠে দাঁড়ালেন তিনি।
এদিকে আগুন ধেয়ে আসছে পেছন থেকে। শেষবারের মতো প্রাণপণ চেষ্টায় শিশুটিকে ওপাশের একতলার বাড়ির ছাদে পাঠিয়ে দিলেন। এরপর ফিরলেন তার অপর দুই সন্তানের খোঁজে। কিন্তু তার আর জীবিত ফেরা হয়নি।
একজন পিতার তার সন্তানকে বাঁচানোর আকুল এ চেষ্টার বর্ণনা দিচ্ছিলেন প্রতিবেশী জাহাঙ্গীর। অবুঝ শিশু নোমান তখন তার কোলে ছিল।
তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “মোরশেদ ভাই কয়েকবারের চেষ্টায় নোমানকে পাশের বাড়ির ছাদে পার করতে পারেন। কিন্তু প্রাণপণ চেষ্টা করেও অপর দুই সন্তান সুমাইয়া ও কাইয়ুমকে জলন্ত এই অগ্নিকুণ্ড থেকে বের করতে পারেননি।” বের হতে পারেননি তিনি ও তার স্ত্রী নাজিয়াও। আগুনের লেলিহান শিখায় জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন সকলেই।
জাহাঙ্গীর বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় থেকেই আমরা অনেক চেষ্টা করেছি হাত বাড়িয়ে তাদের টেনে তুলতে। কিন্তু জলন্ত কূপের কাছে কেউই ভিড়তে পারছিলাম না। তাই দূর থেকে চেয়ে দেখা আর কান্না করা ছাড়া আমাদের তখন কারও কিছু করার ছিল না।”
সোমবার মধ্যরাতের আগুনে শুধু এই পরিবারের চার সদস্যই মারা যাননি, এমন সর্বনাশের শিকার হয়েছেন আরও সাতটি পরিবার। আরও একটি পরিবারের গৃহকর্তা ছাড়া ছয়জনের সবাই মারা গেছেন। নিম্নবিত্ত এসব মানুষ স্বজন হারিয়ে এখন একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে বৌবাজার কাঁচাবাজারের পাশের এ গলিতে হাজারও মানুষ ভিড় করেছিলেন খবর পেয়ে।
দমকল বাহিনীর লামা স্টেশনের ইনচার্জ আবু তাহের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “আমার বিশ বছরের কর্মজীবনে এমন দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি কখনই হইনি। এমন করুণ দৃশ্য আমি কখনও দেখিনি। নারী--শিশুর আর্তচিৎকার ভেসে আসছে কানে, আমরাও প্রস্তুত তাদের বাঁচানোর জন্য, কিন্তু কিছুই করতে পারছি না। এরচেয়ে মরে যাওয়াও ভালো ছিল।”
তিনি বলেন, ভোরের দিকে আগুন নিভে যাওয়ার পর দেয়ালের পাশে ধ্বংস স্তুপের মধ্যে গিয়ে অনেক মানুষের স্তুপ দেখতে পান। বুঝতে অসুবিধা হয়নি দেয়াল টপকাতে গিয়ে এরা সবাই মারা গেছেন।
তিনি বলেন, দেয়াল টপকে বাঁচার আশায় সবাই হয়ত এখানে জড়ো হয়েছিল। কিন্তু এতো উঁচু দেয়াল ডিঙ্গিয়ে যাওয়া এসব শিশু, মহিলা ও বৃদ্ধদের পক্ষে সম্ভব হয়নি।
আগুন লাগার পর থেকে সকাল পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ঠেলাগাড়ি চালক শহিদুল ইসলাম জানান, “আমরা আশপাশের বাসা-- বাড়ি আর মসজিদ থেকে যতটুকু পারি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু বাঁশের বেড়া দেওয়া ঘরগুলোতে আগুনের শিখাকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছিল না। শত শত মানুষ দূর থেকে পানি ছিটাচ্ছেন কিংবা কিছু বুঝে উঠতে না পেরে ছুটোছুটি করছেন, কিন্তু কিছুতেই কিছু হলো না।”
তিনি বলেন, অনেক পরে দমকল বাহিনী যখন অনেক দূর থেকে পাইপ লাগিয়ে পানি টেনে আগুন নেভানোর কাজ শুরু করল ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে।
বাবা-- মায়ের মৃত্যুর খবর শুনে ছুটে এসেছেন কোহিনুর (১৮)। পোড়া ঘরের মধ্যে দাঁড়িয়ে হতবিহ্বল কোহিনূর যেন কাঁদতেও ভুলে গেছেন। একবার পাশের জনকে জড়িয়ে ধরছেন, আবার বাবাগো--মাগো বলে পরক্ষণেই পোড়া মাটিতেই আছড়ে পড়ছেন আর কি যেন খুঁজছেন।
এমনি অবস্থা ৭০ বছরের বৃদ্ধ জেবল হকেরও। আগুন লেগেছে টের পেয়ে এক নাতি ও স্ত্রী মাজেদা খাতুনকে নিয়ে বের হতে পারলেও রক্ষা করতে পারেননি এক মেয়ে ও নাতিকে। ছাই সরিয়ে সরিয়ে দেখছিলেন যদি কাউকে পাওয়া যায় এই আশায়। কোন কথা বলছিলেন না। লোকজনের প্রশ্নের জবাবে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন শুধু।
হাজারও মানুষের ভিড়ে তার মতো ঘর ও সন্তান হারাদের কেউ কেউ বিলাপ করছেন আর পোড়া ঘরের মধ্যেই হাতড়ে ফিরছেন হারানো স্বজনদের। জীবিকার টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা এতগুলো পরিবারের কাছে এটি এখন দুঃস্বপ্নও বটে।
আড়াই বছরের ফুটফুটে শিশু লিজার কি সর্বনাশ হয়েছে তা সে নিজেও জানে না। চারদিকে পোড়া ধ্বংসস্তুপ আর লোকজনের ছুটাছুটি, আহাজারির মধ্যেও তার ছোক খুঁজে ফিরছিল প্রিয় মাকে। কিন্তু সেই মা কখন পুড়ে ছাই হয়ে গেছে সে তা জানতেও পারছে না। তার মা পারভীন তাকে কোনরকমে বের করে দিতে পারলেও নিজে বাঁচেনি। বেঁচে থাকা বাবা কাতরাচ্ছে হাসপাতালে।
হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আব্দুল মমিন। আগুনের যন্ত্রণার চেয়ে তার কাছে বড় হয়ে উঠেছে পাঁচ সন্তান ও স্ত্রীকে হারানোর শোক। “এখন আমি কি নিয়ে বাঁচব, এর চেয়ে মরণই আমার ভালো ছিল”--একই বিলাপ করছেন বারবার।
স্থানীয়রা জানান, জীবিকার খোঁজে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা এই আটটি পরিবার বেশ কয়েক বছর ধরেই এখানে বসবাস করছিলেন। এজন্য প্রতিটি পরিবারকে মাস শেষে গুণতে হতো নয়শ থেকে এক হাজার টাকা। সোমবার গভীর রাতের আগুনে তাদের সব স্বপ্ন, ভবিষ্যত পুড়ে ছাই হয়ে গেছে।
অনেকেই অভিযোগ করেছেন, প্রবেশমুখের ঝুট কাপড়ের দোকান মালিকরা একটু সদয় হলে এত প্রাণ হয়তো অকালে ঝরে পড়ত না। আগুনের সূত্রপাত হয় সেই দোকনাগুলো থেকেই। অথচ মালিকরা যদি নিজেদের মাল রক্ষার চেয়ে সবাইকে আগে বের হওয়ার সুযোগ করে দিতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যেতো, লিজাকেও হয়তো হারাতে হতো না মাকে, আর মোমিন মিয়াও সবাইকে হারিয়ে সর্বস্বান্ত হতেন না।
