২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র বসানোর প্রস্তাব ফেরত

চট্টগ্রাম ইপিজেডে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি প্রস্তাবনা ফেরত পাঠিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বিল্ট অন অপারেটর (বিওও) পদ্ধতিতে কেন্দ্রটি বসানোর প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবটি বিদ্যুতের চাহিদা অনুযায়ী তৈরি না করায় তা ফেরত পাঠানো হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 01:54 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রস্তাবনাটি ফেরত পাঠিয়ে কমপক্ষে ৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি নতুন প্রকল্প উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ পরিকল্পনা ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী পরিষদ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চারটি বস্ত্র কলের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে আফসার কটন মিলের ব্যাংক ঋণ আদায়ের দণ্ড সুদ মওকুফ এবং ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের সময়সীমা একমাস বর্ধিত করা হয়।

এছাড়া ইব্রাহীম কম্পোজিট টেক্সটাইল মিলের বকেয়া আট কোটি সাত লাখ টাকার দণ্ড সুদ তিন মাসের এককালীন পরিশোধের শর্তে মওকুফ করা হয়েছে।

সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, “চট্টগ্রাম ইপিজেড এলাকায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৩৮ মেগাওয়াট। অথচ সেখানে মাত্র ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। যা কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণে ওই স্থানে কমপক্ষে ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে”’