দিনকাল এর প্রকাশক, সম্পাদকের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
‘মিথ্যা সংবাদ’ প্রকাশের অভিযোগে দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশক তারেক রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী সিরাজ ও সীতাকুণ্ড সংবাদদাতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সোমবার চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক আজকের কাগজের সীতাকুণ্ড সংবাদদাতা এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ ও সাংগঠনিক সম্পাদক এম সেকান্দার হোসাইন চট্টগ্রামের আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত সূত্র জানায়, আমলি আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন মামলাটি গ্রহণ করে সীতাকুণ্ড থানাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩ মার্চ দৈনিক দিনকাল পত্রিকার ৭ পৃষ্ঠার ৮ কলামে ‘সীতাকুণ্ডে এক নবজাতক শিশুকে জবাই’ শিরোনামে প্রকাশিত সংবাদে বাদীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে তার নাম ও বাবার নাম বিকৃত করে মিথ্যা ও মনগড়া তথ্য দেওয়া হয়।
অভিযোগে আরো বলা হয়, দিনকালের সংবাদদাতা জাহাঙ্গীর আলম প্রায়ই এরকম বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে লোকজনের সম্মানহানি ও অর্থ আদায় করে থাকে।
এই মামলায় সংবাদদাতা, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশককে যথাক্রমে এক, দুই ও তিন নম্বর আসামী করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু।
