২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছির, আমান ও মখা আলমগীরের বিরুদ্ধে মামলা করছে দুদক

সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মীর নাছির এবং আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধন্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সহযোগী হিসেবে মীর নাছিরের ছেলে মীর হেলালউদ্দিন ও আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকেও আসামী করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

কমিশনের কার্যালায়ে সোমবার বিকেলে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে তালিকাভুক্ত ৫০ জনের মধ্যে এই তিনজনের বিরুদ্ধে সোমবার রাতে অথবা মঙ্গলবার মামলা দায়ের করা হবে।

কমিশন সূত্র জানায়, মীর নাছির ও তার ছেলের ৩ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার হিসাব বহির্ভুত সম্পত্তি পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা কমিশনের উপ--পরিচালক শারমিন ফেরদৌস এ ব্যাপারে প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন।

অন্যদিকে, আমানউল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাতে চেষ্টা ও অসত্য তথ্য প্রদানের অভিযোগ আনছে কমিশন। একইসঙ্গে তাদের ৮ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ২শ ৩২ টাকার হিসাব বহির্ভুত সম্পত্তি আছে বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ।

মহিউদ্দিন খান আলমগীর তার ১ কোটি ১৭ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) হিসাব কমিশনে জমা দেননি বলে তদন্ত কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪--এর ২৬ (১), ২৬ (২), ২৭ ধারা, জরুরি ক্ষমতা বিধিমালা---২০০৭ এর ১৫ ঘ (৫), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. দেলোয়ার হোসেন।