২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ জঙ্গির প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করলেন রাষ্ট্রপতি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদিনের (জেএমবি) ছয় জঙ্গির প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। সরকারের একটি সূত্র সোমবার এই তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 01:39 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তবে সরকারিভাবে খবরটি এখনও নিশ্চিত করা হয়নি।  এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহা কারাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন সোমবার মধ্য রাতে বলেন,“আমি এখনো এ সংক্রান্ত কাগজপত্র পাইনি।”     

২০০৫ সালে ঝালকাঠিকে দুই বিচারক হত্যার দায়ে গত বছরের ২৯ মে জেএমবির সাত জঙ্গিকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরা হলেন শেখ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম (বাংলাভাই), আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, খালেদ সাইফুল¬াহ, ইফতেখার হাসান আল মামুন ও আসাদুল ইসলাম আরিফ।

এদের মধ্যে আরিফ পলাতক।

২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গিদের বোমা হামলায় সিনিয়র সহকারি জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পান্ডে নিহত হন।

জঙ্গিরা শুরুতে ‘মানুষের তৈরি আদালতের’ কাছে বিচার চাইবেন না বললেও পরে তাদের সবাই দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট বিচার আদালতের রায় বহাল রাখে।

জঙ্গিরা এরপর  কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানান।