২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়মাসের মধ্যে নিউমুরিং টার্মিনাল চালু হবে : যোগাযোগ উপদেষ্টা

আগামী ছয়মাসের মধ্যে নিউমুরিং টার্মিনাল চালু করা হবে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট এড়াতে কাজের তিন শিফট চালু করার পাশাপাশি কনটেইনার রাখার ভাড়াও বাড়ানো হতে পারে তিন থেকে চারগুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রোববার যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এ তথ্য জানিয়ে বলেন, বন্দরের কনটেইনার দ্রুত ঢাকায় পাঠাতে কয়েকটি রেলপথে ডাবল লাইন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “নিউমুরিং টার্মিনাল চালুর ক্ষেত্রে অবশ্য বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।” তিনি দুই সপ্তাহের মধ্যে আদালতের এই  নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, “আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে ৪৫ দিনের মধ্যে নতুন করে আর্ন্তজাতিক দরপত্র আহবান করা সম্ভব হবে। দরপত্র আহবানের ৯০ দিনের মধ্যে অপারেটর নিয়োগের মাধ্যমে এসওটি পদ্ধতিতে নিউমুরিং টার্মিনালে দুইটি বার্থ চালু করাও সম্ভব হবে।”

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে দুই শিফটের পরিবর্তে তিন শিফট চালু করার কাজ চলছে। এতে বন্দরের কন্টেইনার জট নিরসন করা সম্ভব হবে।”

বন্দরে কন্টেইনার জট এড়াতে কনটেইনার রাখার ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ভাড়া বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমানে নৌ পরিবহণ মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বর্ধিত ভাড়া বর্তমান ভাড়ার চেয়ে তিন থেকে চারগুন বেশি হতে পারে।

চট্টগ্রাম বন্দরের ৮০ শতাংশ কন্টেইনার বিভিন্ন পথে ঢাকায় আসে। মালামাল পরিবহনের গতি বৃদ্ধির জন্য কয়েকটি রেল পথে ডাবল লাইন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, এরমধ্যে এডিবির ১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তায় টঙ্গী থেকে ভৈরব এবং জাপানের জেবিআইসি এর সহায়তায় ১২০ মিলিয়ন ডলার ঋণ সহযোগিতায় লাকসাম থেকে চট্টগ্রামের মীরসরাইয়ের চিংকি আশ্রম পর্যন্ত ডাবল লাইন স্থাপন করা হবে।

এছাড়া বিশ্ব ব্যাংকের সহযোগিতায় লাকসাম থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা পর্যন্ত একটি সিঙ্গেল রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, সরকার এখানেও ডাবল লাইন স্থাপনের চেষ্টা করবে।

এম এ মতিন আরও বলেন, ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) কন্টেইনার ধারণ ক্ষমতা পর্যাপ্ত না থাকায় গাজীপুরের পুবাইল ধীরাশ্রম এলাকায় একটি নতুন কন্টেনাইর ডিপো স্থাপন করা হচ্ছে। পুবাইল-ধীরাশ্রম পর্যন্ত একটি সংযোগ রেললাইনও স্থাপন করা হবে বলে জানান তিনি।

যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বলেন, ‘গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য জাপানের পরামর্শ প্রতিষ্ঠান প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষে প্রথম পর্যায়ের রিপোর্ট জমা দিয়েছে। এতে চট্টগ্রামের কুতুবদিয়াসহ মোট নয়টি সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করা হয়েছে। সরকার প্রস্তাবগুলো যাচাই করে দেখছে।