২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত নির্বাচন চায় সিপিএস

দেশের স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি স্টাডিজ (সিপিএস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রবিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সিপিএস আয়োজিত “স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্র” শীর্ষক গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।

সাবেক সচিব ও সিপিএসের উপদেষ্টা শাহ আবদুল হান্নানের সভাপতিত্বে এ বৈঠকের মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুস শহীদ নাসিম।

গোল টেবিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ্, আবু আহমদ ও হাবিবা খাতুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রূহুল আমিন গাজী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ মোস্তফা আনোয়ার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. উমর আলী, সাবেক অতিরিক্ত সচিব আবদুল কাদের মিয়া, হলিচাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আশরাফুল হক, পেট্রোবাংলার সাবেক এমডি এবিএম ফজলে ইলাহী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নির্বাচিত সরকারের বিকল্প অনির্বাচিত সরকার হতে পারে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অতিরিক্ত সময় নিলে জনগণের আস্থা হারাবে। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ অবশ্য এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, “যারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে আমি তাদের দলে নই। অনেক দেশে নির্বাচিত সরকারের চেয়ে অনির্বাচিত সরকার ভালো কাজ করেছে। তবে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হবে কিনা এই ভয়ে আছি।”

পেট্রোবাংলার সাবেক এমডি এবিএম ফজলে এলাহী তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বলেন, “যেসব দায়িত্বশীল সিদ্ধান্ত নির্বাচিত সরকারের নেওয়া উচিত তা যেন এ সরকার না নেয়।”

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের উচিত অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা।”

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন মত প্রকাশ করেন, “দুর্নীতি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার যে ভাবে কাজ করছে তাতে তারা মানুষের আস্থা হারিয়ে ফেলছেন। তিনি প্রশ্ন তোলেন, “কারও হরিণ ধরা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নাকি?”

অধ্যাপক আলী আকবর বলেন, “যেভাবে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হলো তাতে মনে করি আমাদের স্বাধীনতা হুমকির মুখে।” তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি দমনের সমালোচনা করে তিনি বলেন, “দুর্নীতি দমনের আসল পদ্ধতি ইসলাম।”

বিএফইউজের সভাপতি মোজাম্মেল হক বলেন, “সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তন করা অনির্বাচিত সরকারের উচিত না।” সংবিধানের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের সংবিধান আমাদের জন্য যথোপযুক্ত নয়। এই সংবিধানের শাসনতান্ত্রিক ব্যবস্থায় অনেক ত্র“টি আছে।”