চট্টগ্রামের পাথরঘাটায় সংঘর্ষে আহত ১০
নগরীর পাথরঘাটায় শুক্রবার বিকালে দুদল এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
দোকানে চা খাওয়া নিয়ে দুই জনের কথাকাটি জের ধরে পাথরঘাটার বংশাল পাড়া ও জেলে পাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা ব্যবহার ও ইটপাটকেল নিক্ষেপ করে।
বিকাল সাড়ে পাঁচটার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল বেলা চা খাওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিঠু নামে জেলে পাড়ার এক যুবককে বংশাল পাড়ার একজন মারধর করে। এর জের ধরে বিকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
কোতোয়ালি থানার এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
