আজিমপুর স্কুলের সুবর্ণ জয়ন্তীতে বান্ধবীদের মাঝে শেখ হাসিনা
এখন যারা নবীন আগামী দিনে তাদেরই রাষ্ট্রপরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। নিজের স্কুলের সূবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের সূবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ক্যাম্পাসে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী। কেক কেটে এই অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনিই। সে সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষা হোসনে আরা বেগম, প্রধান অতিথি প্রাক্তন অধ্যক্ষ মো. ফেরদাউস খান এবং বিশেষ অতিথি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ হানিফ।
শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নতুনদের আগমনের মাধ্যমে পুরনোদের বিদায় ঘটবে এটাই শাশ্বত।” শৈশবের স্মৃতি বিজড়িত এই স্কুলের যেন আরো উন্নতি হয় সে ব্যাপারে বর্তমান ছাত্রীদের আরো সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, “এই স্কুল নিয়ে আমি গর্ব বোধ করি, তোমরাও একদিন গর্ব বোধ করবে।”
স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “যতই বয়স হোক না কেন যখনই স্কুলে ঢুকি তখনই মনে হয় যেনো পুরনো দিনে ফিরে যাই।”
পরে তিনি তার বান্ধবীদের নিয়ে স্কুলে বর্তমান ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দুপুরে বান্ধবীদের নিয়ে অধ্যক্ষার কক্ষে বসেই খাবার খান। পরে তিনি সাবেক ও বর্তমান ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন।
উল্লেখ্য শেখ হাসিনা আজিমপুর গার্লস স্কুল থেকে ১৯৬৫ সালে ম্যাট্রিক পাশ করেন।
