২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ছাপাখানা পুড়ে ছাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিশ্ববিদ্যালয় এবং দমকল বাহিনী সূত্র জানায়, ছাপাখানার একটি কক্ষের মশার কয়েল থেকে রাত  ১২টার দিকে আগুন ধরে যায়। দমকল বাহিনীর চারটি গাড়ি ভোর চারটার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

ক্ষতির বিবরণ পুরোপুরি জানা গেলেও দমকল বাহিনী সূত্র বলেছে, প্রায় চার ঘণ্টাব্যাপী আগুনে আনুমানিক ৪১ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

এর মধ্যে আছে একটি অফসেট মেশিন, একটি প্রোসেস মেশিন, কম্পিউটার ল্যাবে থাকা তিনটি কম্পিউটার, আসবাব এবং সব কাগজপত্র। ছাপাখানা ভবনে স্থাপিত কাগজের স্টোর রুমটিও পুড়ে গেছে।

এ ঘটনায় আইন অনুষদের ডিন জাকির হোসেনকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া চার সদস্য বিশিষ্ট আরেকটি কমিটির প্রধান হলেন ফাইনান্স বিভাগের অধ্যাপক এ এন এম আব্দুল মোক্তাদের।

দুটি কমিটিকেই তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।