সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সর্বহারা গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রহমত আলী সরকারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামতৈল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব মোঃ হালিমুজ্জামান জানান, ত্রাণের ঢেউটিন, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান রহমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর এক অভিযানে উপজেলার ষোলমাইল এলাকা থেকে শহিদুল নামের এক সর্বহারাকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হায়দার আলী মোল্লা জানান, গ্রেপ্তার শহিদুল ইসলাম সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
