২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৮ মার্চ থেকে রিহ্যাব আবাসন মেলা

চট্টগ্রামে ৮ মার্চ শুরু হচ্ছে তিনদিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ মেলার আয়োজন করা হয়েছে। ৪০টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ২০০টি প্রকল্প এবং দুই হাজার ফ্ল্যাটের বিপণন কর্মসূচি নিয়ে মেলায় অংশ নেবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 11:07 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বুধবার দুপুরে চিটাগাং প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের কর্মকর্তারা এসব তথ্য দেন। তারা জানান, এবারের মেলায় চট্টগ্রামের আটটি প্রতিষ্ঠান অংশ নেবে। বাকি ৩২টি প্রতিষ্ঠান আসবে ঢাকা থেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চিটাগাং রিহ্যাবের চেয়ারম্যান কাজী আইনুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব কর্মকর্তা এসএম আবু সুফিয়ান, রেজাউল করিম ও মো. শাহজাহান।

নগরী ও এর আশেপাশে পাহাড় কেটে প্লট তৈরির সঙ্গে রিহ্যাব অর্ন্তভূক্ত অনেক প্রতিষ্ঠান জড়িত এমন অভিযোগের জবাবে রিহ্যাব কর্মকর্তারা বলেন, দোষী প্রমাণিত হলে দায়ি প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বের করে দেওয়া হবে।

রিহ্যাবের কোনো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মামলার বিষয়ে তারা বলেন, যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হতে পারে। তবে মামলায় কোনো প্রতিষ্ঠান অভিযুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

মেলার উদ্বোধন করবেন চউকের চেয়ারম্যান, প্রকৌশলী শাহ মুহাম্মদ আখতার উদ্দীন এবং সমাপনী দিনে পূর্ত সচিব এস এম জাফরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।