ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক বুধবার ধানমন্ডি এলাকায় দিনভর অভিযান চালিয়ে ১০ টি বহুতল বিপনী বিতানসহ শতাধিক অবৈধ স্থাপনার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছে।
অভিযান চলাকালে রাজউকের দল বেসরকারী ইউনাইটেড বিশ্ববিদ্যালয় ভবনের বেজমেন্টে অবৈধভাবে গড়ে তোলা দুটি তলার প্রায় ৫০ টি কক্ষ এবং ইবনে সিনা মেডিকেল কলেজ ইমেজিং সেন্টারের বেজমেন্টে তৈরী করা হাসপাতালের জরুরী বিভাগ ভেঙ্গে দেয়। এছাড়া র্যাংগস আনাম প্লাজাসহ আরো ১০ টি বহুতল অভিজাত বিপনী বিতানের অবৈধ অংশবিশেষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর এবং নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীমের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সিটিকলেজের সামনে থেকে সাতমসজিদ রোড এলাকায় দিনভর এ অভিযান চালানো হয়। সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য তাদের সহায়তা করেন।
অভিযানের শুরুতেই সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনাস্টিক সেন্টারের বেজমেন্টে অবৈধভাবে গড়ে তোলা একটি গুদাম ভাঙ্গার কাজ শুরু করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই তা অপসারণের জন্য সময় চাইলে গুদামের একটি কক্ষ ভেঙ্গে দিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়।
রাজউকের দল পরে রাইফেলস স্কয়ারের পাশে আম্বালা কমপ্লেক্সে আম্বালা সুইটস নামে একটি মিষ্টির দোকান সহ তিনটি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। অভিযানকারী দল পরে একেএকে ঠুমরী চাইনিজ রেস্টুরেন্ট ও জিয়ামিন চাইনিজ রেস্টুরেন্ট, পোশাকের দোকান রেক্স, আলমাস সুপার সেন্টার, র্যাংগস আনাম প্লাজা, কেয়ারী লিমিটেডের কর্পোরেট কার্যালয় এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
অন্যদিকে বহুতল বিপনীবিতান গ্রীন তাজ টাওয়ারের বেজমেন্ট তৈরী করা গুদাম এবং সাত তলা বিকল্প টাওয়ারের উপর অননুমোদিতভাবে গড়ে তোলা একটি অতিরিক্ত তলা ভেঙ্গে দেওয়া হয়েছে। ইবনেসিনা মেডিকেল অ্যান্ড ইমেজিং সেন্টারের নীচ তলার বেজমেন্ট গড়ে তোলা হাসপাতালের জরুরী বিভাগও অপসারণ করা হয়।
এছাড়া রাজউক কর্মকর্তারা দুই নং সড়কের ২২ নাম্বার প্লটে একটি ছয়তলা ভবনের ভূয়া নকশা জব্দ করেছেন।
রাজউকের প্রধান ইমারত পরিদর্শক কেএম নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, ভবনটির পুরো নকশাই ভূয়া। নকশাটি পরীক্ষা-নীরিক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযানের শেষ পর্যায়ে বিকেল পাঁচটার দিকে রাজউক কর্মকর্তারা সাতমসজিদ রোডে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনের বেজমেন্ট অবৈধভাবে গড়ে তোলা দুটি অতিরিক্ত তলায় প্রায় ৫০ টির মতো কক্ষের সন্ধান পান। এছাড়া সাত তলা ভবনটির উপরের তলাও অনুমোদন ছাড়াই তৈরী করা হয়েছে।
রাজউকের দল বেজমেন্টে কক্ষগুলো ভাঙ্গার কাজ শুরু করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজোয়ান খান এবং উপদেষ্টা অধ্যাপক গোলাম রাব্বানীসহ কয়েকজন শিক্ষক বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা রাজউকের ম্যাজিস্ট্রেটের কাছে নিজেরাই স্থাপনা অপসারণের জন্য তিন দিন সময় চান। পরে নীচতলার কয়েকটি কক্ষের দেয়াল ভেঙ্গে দিয়ে বাদবাকি স্থাপনা অপসরণের জন্য তিন দিন সময় দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর নফহবংি২৪.পড়স কে জানান, ভবনটির বেজমেন্ট অবৈধভাবে দুটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে। যা খুবই ঝুঁকিপূর্ণ। এরফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে অসংখ্য শিক্ষার্থীর মৃত্যু হতে পারে।
