২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে ছিনতাই ঘটনায় দুই ব্যক্তি গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের সাথে জড়িত ইব্রাহীম ও আমানউল্লাহ নামে দুই ব্যক্তিকে নগরীর বহদ্দারহাটের একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে বুধবার সকালে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

র‌্যাব ধারণা করছে  গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তি অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গেও জড়িত।  

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জানুয়ারি র‌্যাবের পোশাক পরে কয়েক ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনুস সারোয়ার নামে একব্যক্তির  কাছ থেকে চার লাখ টাকা ছিনতাই করে।

ইউনুস বহদ্দারহাট বাসস্ট্যান্ডের কাছে একটি ফলের দোকানে কেনাকাটা করার সময় র‌্যাবের পোশাক পরা দুই ব্যক্তি তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর তার চার লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

র‌্যাবের স্টাফ অফিসার এএসপি জাহাঙ্গীর আলম জানান, ইউনুস সারোয়ার বাকলিয়া থানায় মামলা দায়ের করলে র‌্যাব মামলাটির তদন্তভার গ্রহণ করে।

এরপর  মাসব্যাপী অনুসন্ধানের পর র‌্যাবের গোয়েন্দা দল ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসটির সন্ধান পায় এবং ইব্রাহীম এ ঘটনার সাথে জড়িত বলে নিশ্চিত হয়। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু হলে ইব্রাহীম মামলার বাদীর মাধ্যমে র‌্যাবকে ঘুষ হিসেবে দুই লাখ টাকা এবং ছিনতাইয়ের চার লাখ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। 

বুধবার সকালে নগরীর বহদ্দারহাটে ক্রিস্টাল চাইনিজ রেস্টুরেন্টে টাকা প্রদানের সময় র‌্যাবের গোয়েন্দা দল ইব্রাহীম ও তার মামা আমানউল্লাহকে গ্রেপ্তার করে।