বর্জনের মধ্য দিয়ে শেষ হলো সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের শেষ কর্মদিবস
আইনজীবী এবং বিচারকদের একাংশের বর্জনের মধ্য দিয়ে শেষ হলো প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের শেষ কর্মদিবস। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং হাইকোর্টের কয়েকজন সিনিয়র বিচারক সাবেক প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জন করলেও বিএনপি--জামায়াত সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা এতে যোগ দেন। প্রধান বিচারপতি হিসেবে শেষ বিচারকাজে একটি মামলায় রায় দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার রফিক উল ইসলাম সংবর্ধনা বর্জন করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম প্রধান বিচারপতিকে সংবর্ধনা না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সাংবিধানিক বিতর্ক আদালতের মাধ্যমে নিষ্পত্তির ক্ষেত্রে বিদায়ী প্রধান বিচারপতির বাধা ছিল। বেঞ্চ গঠন ও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে তিনি বিচারকদের স্বাধীনতা খর্ব করেছেন। এসবের প্রতিবাদে সমিতি সংবর্ধনা দেয়নি।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রধান বিচারপতির ন্যাক্কারজনক ভূমিকায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে।
এভাবে বিতর্কিত হয়ে এবং আইনজীবী--বিচারকদের বর্জনের মুখে দেশের কোনো প্রধান বিচারপতির বিদায় নেওয়ার ঘটনা দ্বিতীয়। সাবেক প্রধান বিচারপতি এফ কে এম মুনিমের বিদায় সংবর্ধনাও এভাবে বর্জন করা হয়েছিল।
বুধবার সকালে আপিল বিভাগের এক নম্বরন বিচারকক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের মান মর্যাদা ও ভাবমূর্তি রাখার জন্য আইনজীবীদের একযোগে কাজ করতে হবে। বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ভাষা যেন এমন না হয় যাতে মানুষ গোটা বিচার বিভাগ সম্পর্কে কটাক্ষ করার সুযোগ পায়।
সংবাদ মাধ্যমের সঙ্গে আদালতের সম্পর্ক আরও দৃঢ় করতে এবং বিচারালয়ের সংবাদ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে পৃথিবীর অন্যান্য দেশের মতো এখানেও জনসংযোগ বিভাগ স্থাপনের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি আশা প্রকাশ করেছেন আইনজীবী ও বিচারকের সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের এটর্নি জেনারেল ফিদা এম কামাল ও প্রবীণ আইনজীবী টিএইচ খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, সাবেক এর্টনি জেনারেল এএফ হাসান আরিফ।
এদিকে নবনিযুক্ত প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ শপথ পাঠ করাবেন। সকাল সাড়ে ১১টায় আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে আইনজীবীরা প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবেন।
