ভিওআইপি উন্মুক্ত করার সুপারিশমালা এখনও দেওয়া হয়নি
অর্ন্তবর্তীকালীন ব্যবস্থায় সাশ্রয়ী মুল্যে ভিওআইপি উন্মুক্ত করার জন্য সুপারিশমালা এখনও দেওয়া হয়নি। সুপারিশ দেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়োজিত বিশেষজ্ঞ কমিটির নির্ধারিত সময় গত ১৯ ফেব্র“য়ারি শেষ হয়ে গেছে।
অবশ্য কমিটির একটি সূত্র দাবি করছে বৃহস্পতিবারই বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মন্ত্রণালয়ে জমা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে।
ফেব্র“য়ারির ৫ তারিখে গঠিত এই বিশেষজ্ঞ কমিটির ১০ কার্যদিবস শেষ হয়েছে গত ১৯ ফেব্র“য়ারি। জটিল কয়েকটি সমস্যার কারণে আরও দুই-একদিন বেশী সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন। এজন্য মন্ত্রণালয়ের কাছে বাড়তি সময়ের জন্য আবেদন করেছিল কমিটি।
নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুপারিশপত্র প্রায় তৈরী হয়ে গেছে। তবে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন ধরনের প্রস্তাব ও সুপারিশ আলোচনা--পর্যালেচনা করে স্থির সিদ্ধান্তে আসতে সময় বেশি লেগেছে বলে জানান তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় ভিওআইপি উন্মুক্তকরণের ক্ষেত্রে যে সমস্যাগুলি প্রকট হয়ে দেখা দিয়েছিল তা হলো এ সময়ে কয়জনকে ভিওআইপি কার্যক্রমের অনুমতি দেওয়া হবে এবং কীভাবে বৈদেশিক কল মনিটরিং করা হবে ইত্যাদি।
অত্যন্ত গোপনীয়তার লক্ষ্যে ওই কর্মকর্তা কমিটির সিদ্ধান্ত পুরোপুরি না জানালেও লাইসেন্সপ্রাপ্ত প্রায় সবাইকে ভিওআইপি কার্যক্রমের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা সোমবার জানান, ‘কমন প্লাটফর্ম’ তৈরির আগে পর্যন্ত প্রত্যেক লাইসেন্সধারীকে ভিওআইপি সংযোগ দেওয়া হবে। বিটিটিবির বিশেষজ্ঞরা এদের বৈদেশিক কলগুলো মনিটরিং করবে। এছাড়া লাইসেন্স ফি কিছুটা বাড়ানো হবে বলে জানান তিনি।
সূত্র মতে, ভিওআইপির লাইসেন্স দেওয়ার বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনার জন্য গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী--- ফিক্সড ফোন (পিএসটিএন), মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলো ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
বিটিআরসির পক্ষ থেকে তিন বিভাগে ভিওআইপি লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম বিভাগে মোবাইল ফোন অপারেটরদের জন্য নাম অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছিল ১০ কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি দুই কোটি টাকা। এই নিয়মে সর্বশেষ লাইসেন্স প্রাপ্ত ওয়ারিদসহ ছয়টি মোবাইল অপারেটরই ভিওআইপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।
দ্বিতীয় বিভাগে বিটিটিবি ছাড়া ১৭টি বেসরকারি পিএসটিএন অপারেটর (ল্যান্ডফোন) রয়েছে। এদের জন্য নাম অন্তর্ভুক্তি ফি এক কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি ২০ লাখ টাকা ধার্য করা হয়েছিল।
তৃতীয় বিভাগে আইএসপি এর জন্য নাম অন্তর্ভূক্তি ফি নির্ধারণ করা হয়েছিল ৫০ লাখ টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি সাত লাখ টাকা। এ বিভাগে রয়েছে ৩৬টি প্রতিষ্ঠান।
