স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল বিমানের বরিশাল অফিসের সব কার্যক্রম
বুধবার থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল বাংলাদেশ বিমানের বরিশাল বিভাগীয় হেড কোয়ার্টারের সব কার্যক্রম। বিমানের দুই কর্মকর্তা এ খবর জানিয়েছেন। বিমান বাংলাদেশের বরিশাল জেলা ব্যবস্থাপক এটিএম গোলাম মোস্তফা এবং অর্থ ব্যবস্থাপক হুমায়ুন কবির চৌধুরী জানান, তারা বুধবার শেষ অফিস করলেন।
এর আগে গত ২১ শে ফেব্র“য়ারি বিমানের দুটি কভার্ড ভ্যানে করে ঢাকায় পাঠানো হয় বরিশাল শহর ও বিমানবন্দর কার্যালয়ের সব জিনিসপত্র। চাকরি ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয় মাস্টার রোল এর তিন কর্মচারীকে। এছাড়া তিনটি টেলিফোনের সংযোগও বিচ্ছিন্ন হচ্ছে মার্চে।
আর এর মধ্য দিয়ে বরিশাল অঞ্চলের লাখ লাখ মানুষের দাবি উপেক্ষা করে পরিসমাপ্তি ঘটলো এ অঞ্চলে বাংলাদেশ বিমানের ১৭ বছরের কার্যক্রমের।
বিমানের সূত্রগুলো জানায়, ঢাকা-বরিশাল রুটে স্থায়ীভাবে ফ্লাইট বন্ধের এবং বিমানের বরিশাল কার্যালয় ঢাকায় স্থানান্তরের জন্য গত বছরের ১৪ নভেম্বর ঢাকার প্রধান কার্যালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে তখন বরিশাল বিভাগ উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ বরিশালে বিক্ষোভ, মানব বন্ধন কর্মসূচি, র্যালী ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। দাবি জানায় ঢাকা-বরিশাল রুটে শিগগিরই বিমানের ফ্লাইট চালুর। কিন্তু তাদের সেসব কর্মসূচিতে কোনো লাভ হয়নি।
বাংলাদেশের বিমানের জেলা ব্যবস্থাপক এটিএম গোলাম মোস্তফা ওইসব ঘটনা স্বীকার করে বলেন, ঢাকা-বরিশাল রুটে বিমান লাভজনক ছিল। কিন্তু বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায়ই সবকিছু করা হচ্ছে।
তিনি বলেন, ২০০৫ সালে আমাদের টার্গেট ছিল ১০ লাখ টাকা। যেখানে আমরা টিকিট বিক্রি করি ২৬ লাখ টাকার। আর ২০০৬ সালে আমাদের টার্গেট ছিল ২৪ লাখ টাকা। যেখানে ছয় মাসেই আমরা বিক্রি করি ৫০ লাখ টাকার টিকিট।
বরিশাল বিমানবন্দরের ম্যানেজার একেএম ফাইজুল হক আজ জানান, একটি মাত্র মই ছাড়া বিমান কর্তৃপক্ষ ২১ ফেব্র“য়ারি বুধবার দুটি কভার্ড ভ্যানে করে বিমানবন্দর অফিস থেকে সব জিনিসপত্র ও ফার্নিচার নিয়ে গেছে। তারা বিমানবন্দরের সব বকেয়াও পরিশোধ করেছে।
