২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জনের আটকাদেশ অবৈধ ঘোষণার আদেশ আপিল বিভাগে স্থগিত

কামাল মজুমদারসহ চারজনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় আগামি সোমবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। জরুরি অবস্থা চলাকালে আটকাদেশর বৈধতা চ্যালেঞ্জ করা যায় কিনা তা নিয়ে ওইদিন পরবর্তী শুনানি হবে। গত সোমবার আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, ওয়ার্ড কমিশনার কাইয়ুম খান, প্রশিকার কর্মকর্তা আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচালক আমিনুল ইসলামের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ এ রায় দেন। বুধবারই ছিল প্রধান বিচারপতি পদে সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের শেষ কর্মদিবস।

হাইকোর্টের আদেশের বিরোধীতা করে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা যায় না। এরপরও আদালত ওই আটকাদেশকে অবৈধ ঘোষণা করেন।

আপিল বিভাগের দেওয়া এ স্থগিতাদেশের সমালোচনা করে আবেদনকারীর চারজনের আইনজীবীদের অন্যতম ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সাধারণত মুলতুবির সময় স্থগিতাদেশ দেওয়া হয় না। এরকম নির্দেশের প্রতিবাদে আমরা উনার বিদায় সম্বর্ধনা বর্জন করলাম। একথা বলে তিনি অপর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকসহ বেরিয়ে যান। 

বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। একইসঙ্গে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে তাদের মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত। রায়ে বলা হয়, এসব ব্যক্তিদের অবৈধভাবে আটক করা হয়েছে।

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে যৌথবাহিনী আটক করে। এর পরদিন তাকে এক মাসের অটকাদেশ দেওয়া হয়। এরপর তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। তার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আবুল বাসেত মজুমদার।

প্রশিকার উপপরিচালক আবুল কাশেম পলাশ ও এডাবের পরিচালক আমিনুল ইসলামকেও ১১ জানুয়ারি গ্রেফতার করে পরদিন এক মাসের আটকাদেশ দেওয়া হয়। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন।

কাফরুলের ওয়ার্ড কমিশনার কাইয়ুম খানকে ১২ জানুয়ারি গ্রেফতার করে আটকাদেশ দেওয়া হয়। পরে তাদের আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়। কাইয়ুমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যাবিস্টার মওদুদ আহমেদ।