ইউনূস সচিবালয়ে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক সম্প্রচার কেন্দ্র
নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রচারণায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করার এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের স্বার্থে নয়, এ প্রচারণা হবে কেবলই তার নোবেল শান্তি পুরস্কার সংশ্লিষ্ট বিষয়ে।
নোবেলজয়ীর নামে প্রতিষ্ঠিত ‘ইউনূস সচিবালয়’Ñএর ঢাকা কার্যালয় থেকে ভিডিও, সম্প্রচার ও ইন্টারনেটের মাধ্যমে সার্বক্ষণিকভাবে তার বাণী সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
ইউনূসের বাণী সম্প্রচারের জন্য বিশ্ব মানের ওয়েব ও ভিডিও প্রকল্প স্থাপনে সাহায্য করতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব আহ্বান করেছেন ইউনূস সচিবালয়ের ভিডার ইয়র্গেনসেন। নরওয়েজিয়ান বংশোদ্ভুত এই আমেরিকান ধনকুবের ইউনূস ও সহযোগীদের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য ভাড়া করা বিমানে করে ঢাকা থেকে অসলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন।
ওই সময়ে নরওয়ের সংবাদ মাধ্যমগুলো নরওয়েজিয়ান কোম্পানি টেলিনরের কাছ থেকে গ্রামীণ ফোনের মালিকানা ফিরে পাওয়ার উদ্দেশ্যে ‘প্রচার-যুদ্ধে’ ইউনূসকে গোপনে সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত করেছিল তাকে।
নোবেল পুরস্কার গ্রহণের আগের দিন সন্ধ্যায় অসলোয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনূসের মুখপাত্র তার ভাই মুহম্মদ জাহাঙ্গীর ‘ইউনূস সচিবালয়’ প্রতিষ্ঠার খবরটি প্রকাশ করেন। তবে সে সময় এ প্রতিষ্ঠানের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পরবর্তীতে ঢাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশ্বমানের যোগাযোগ কেন্দ্র স্থাপনের ইউনূস সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়। এই কেন্দ্রে স্যাটেলাইট আপলিংকিংয়ের ব্যবস্থাসহ একটি অডিওভিজুয়াল স্টুডিও থাকবে, যেখান থেকে টেলিভিশন অথবা ইন্টারনেটের মাধ্যমে ইউনূস সার্বক্ষণিকভাবে তার বক্তব্য, সেমিনার ও অন্যান্য বিষয়ে সম্প্রচার করতে পারবেন।
সম্প্রচার উপযোগী একটি অত্যাধুনিক স্টুডিও সম্প্রচারের ক্ষেত্রে মান বজায় রাখা ও খরচ কমিয়ে আনতে বাণিজ্যিকভাবে সহায়তা করবে। ইউনূসের বিভিন্ন উপস্থাপনা, বিভিন্ন স্থানে তার ভ্রমণ, প্রশিক্ষণসহ নানা রকম ভিডিও উপকরণ নিয়ে গড়ে তোলা হবে একটি ডিজিটাল লাইব্রেরি।
ইউনূস সচিবালয়ের জন্য গড়ে তোলা হবে নতুন একটি ইন্টারনেট সাইট, যা তাকে বিশ্ববাসীর মুখোমুখি হতে সাহায্য করবে। কোকাকোলা, ম্যাকডোনাল্ডস বা আইবিএমের মতো বিশ্বসেরা কর্পোরেট সাইটগুলোর মতো এই সাইটেও একটি প্রেস রুম থাকবে, আর বাংলাদেশে বসে সেটা পরিচালনা করবেন একজন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও তার সহকর্মীরা।
কিন্তু এই প্রকল্পের খরচ যোগাবে কে? ‘গ্রামীণ আমেরিকা’র কমিউনিকেশন্স অফিসার জ্যাকি লিপম্যান মঙ্গলবার টেলিফোনে নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, “আমরা জানি না এতে কত খরচ হবে। তবে কয়েকটি কোম্পানি এ ব্যাপারে পৃষ্ঠপোষকতা করতে রাজি হয়েছে।” এই প্রকল্পে ভিডার ইয়র্গেনসেনের সঙ্গে কাজ করছেন তিনিও।
জ্যাকি অবশ্য এই সব সুযোগ-সুবিধা ইউনূসের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হবে কি না সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ইউনূস সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা লামিয়া মোরশেদ জানিয়েছেন সে রকম কোনো সম্ভাবনা নেই। “এটা কেবলমাত্র তার নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কাজেই ব্যবহার করা হবে”Ñ বলেছেন তিনি।
তবে, ইউনূসের জন্য নির্মিতব্য এই টেলিযোগাযোগ ও সম্প্রচার মহাপ্রকল্পের জন্য ইয়র্গেনসেনের প্রস্তাব আহ্বান কিংবা লিপম্যানের পৃষ্ঠপোষক পাওয়া সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন লামিয়া।
“এই ভাবনাটা কয়েকজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে এসেছে। আমরা এই প্রকল্প গড়ে তুলতে ব্যবহৃত যন্ত্রপাতি যোগাড়ের চেষ্টা করছি”Ñ নফহবংি২৪.পড়স কে বলেছেন তিনি। লামিয়া আরো জানান, এ ব্যাপারে একাধিক দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তিনি সে সব সংস্থার পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
