দুদকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণারোপ
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণারোপ করা হয়েছে। এর কারণ জানতে চাইলে একজন কমিশনার দাপ্তরিক গোপনীয়তা আইনের কথা মনে করিয়ে দিয়েছেন সাংবাদিকদের।
কার পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে সেটি পরিষ্কার করেনি কমিশন। তবে সচিব বলেছেন, ‘সম্ভবত’ চেয়ারম্যানের কাছ থেকেই এমন নির্দেশ এসেছে।
সোমবার আকস্মিকভাবে দুদকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বিদেশে থাকায় এ বিষয়ে তার কোনো মতামত নেওয়া যায়নি।
এখন থেকে সপ্তাহের দুদিন (সোম ও বৃহস্পতিবার) কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এ সম্পর্কে মঙ্গলবার দুদক কমিশনার আবুল হাসান মনজুর মান্নান বলেন,“আমাদের কাজের সুবিধার্থে সাময়িকভাবে এটা করা হয়েছে। তবে চেয়ারম্যান বিদেশ থেকে ফেরার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অপর কমিশনার হাবিবুর রহমান অবশ্য এ ব্যাপারে কোনো অভিযোগ থাকলে কমিশনের অভিযোগ বাক্সে রেখে যেতে সাংবাদিকদের পরামর্শ দেন। সেই সঙ্গে তিনি দাপ্তরিক গোপনীয়তা আইনের কথা মনে করিয়ে দিয়ে বলেন,“আমরা অফিসের অনেক কিছুই বলতে পারি না।”
দুদক সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, “কয়েকদিন পর এটা ঠিক হয়ে যাবে। আমাদেরকে একটু বসতে দিন।”
প্রসঙ্গত, নিষেধাজ্ঞা জারির আগের দিন রোববার এক সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান বলেছিলেন, “এখন থেকে সপ্তাহে দুদিন ছাড়া সাংবাদিদের সঙ্গে কথা বলা হবে না। আপনারা সচিবালয়ের মতো এখানে শিকার ধরার সুযোগ পাবেন না।”
