রাজধানীতে ১৬ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪
র্যাব সদস্যরা সোমবার রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কোটি টাকার জাল স্ট্যাম্প (বিচারিক কাজে ব্যবহৃত) সহ চারজনকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, ২৩ ফেব্র“য়ারি জাল স্ট্যাম্প চক্র মনির গ্র“পের বিরুদ্ধে অভিযানের সূত্র ধরে সোমবার র্যাব--১১ এর একটি দল মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালায়। এসময় চক্রের সদস্য মো. বাবুল মিয়াকে (৩২) আটক করে। র্যাব সদস্যরা তার শরীর তল্লাশি করে ৩ হাজার পিস দুইশ’ টাকা দামের জাল স্ট্যাম্প, ১০০ টাকা দামের ৮৮০টি, ৫০ টাকা দামের ৭ হাজার ৪০টি এবং চার টাকা দামের ৫ হাজার ২০০টি জাল স্ট্যাম্পসহ মোট ১৮ লাখ ৫২ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হাটখোলা রোড টিকাটুলী ক্যানন টিভি ভবনের সামনে থেকে মো. জালাল সর্দার ওরফে জুয়েল (১৯) নামে জাল স্ট্যাম্প চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ৯ লাখ ৯২ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
একইদিন বাবুল ও জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প চক্রের মূল হোতা মো. রিপন মোল্লা ওরফে মামুন (৩০) এবং মো. সেকেন্দার আলীকে আটক করা হয়। র্যাব সদস্যরা এ সময় তাদের জাল স্ট্যাম্প বানানোর নিজস্ব প্রেস এসআর প্রিন্টার্স, ১৯ ফোল্ডার স্ট্রিট ওয়ারী থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও রাজস্ব টিকেট উদ্ধার করে।
এ ব্যাপারে পল্টন ও সূত্রাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
