পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ চায় নাগরিক সংহতি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদাকে রাষ্ট্রপতির পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ জানানোর দাবি করেছে নাগরিক সংহতি। পাশাপাশি সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির কাঠামোগত সংস্কারও দাবি করেছে তারা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন নাগরিক সংহতির নেতারা। শুধু তা-ই নয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অবিলম্বে পিএসসির বর্তমান চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত এবং ২৪, ২৫, ২৬ ও ২৭তম বিসিএস পরীক্ষার ব্যাপারে সার্বিক তদন্ত করে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়াদের নিয়োগ বাতিলেরও দাবি করেন তারা।
বক্তারা বলেন, কেবল ব্যক্তির পরিবর্তন নয়, গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে পিএসসির কাঠামোতেই পরিবর্তন আনা প্রয়োজন। এ ব্যাপারে ছয়টি খসড়া প্রস্তাবও তুলে ধরেন তারা। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে মূলত প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের বর্তমান ব্যবস্থার পরিবর্তন, সুষ্ঠু প্রক্রিয়ায় পিএসসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ও জেলা কোটার মতো বিভিন্ন কোটা তুলে দেওয়া ইত্যাদি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী, চিকিৎসক নেতা রশীদ ই মাহবুব, মুক্তিযোদ্ধা হামিদুল হোসেন তারেক (বীর বিক্রম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও শেখ হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার সাদিয়া আরমান এবং নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ।
