২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে আরেকটি মৃতদেহ, আগুন লাফিয়ে ওঠায় প্রশ্ন খোদ তদন্ত কর্মকর্তার

কারওয়ান বাজারে বিএসইসি ভবন থেকে মঙ্গলবার আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি এনটিভির নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এই নিয়ে ভবনটিতে সোমবার আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা চার-এ দাঁড়ালো।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে ভবনের নবম তলা আনোয়ার হোসেনের পুড়ে যাওয়া  মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আগুন লাগার ২৪ ঘণ্টা পার হলেও কারণ সম্পর্কে নিশ্চিত করে বলতে পারেনি। কমিটির প্রধান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে আগুন কীভাবে কয়েকতলা বাদ দিয়ে লাফিয়ে অন্যান্য তলায় ঢুকে পড়ল এটা আমার কাছেও প্রশ্ন।”

সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত ভবনের বিভিন্ন তলা পরিদর্শন শেষে তিনি বলেন দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোতলায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানি কিংবা বেঙ্গল কার্পেট লিমিটেড অফিস থেকেও এর সূত্রপাত হতে পারে।

তিনি অবশ্য বৈদ্যুতিক তারের সাহায্যেও আগুন ওপরে লাফিয়ে উঠতে পারে বলে মত প্রকাশ করেন। এটি কোন নাশকতা ছিল কি না সে ব্যাপারে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, “আগুনের কারণ নির্ণয়ের জন্য বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার জন্য সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।”

যমুনা অয়েল কোম্পানির সহকারি মহাব্যাবস্থাপক হাবিবুর রহমান সিকদার দাবি করেন আগুনের সূত্রপাত হয় বেঙ্গল কার্পেট লিমিটেড অফিস থেকে।

এদিকে, মঙ্গলবার বিকেলে এনটিভি কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বলেন যত দ্রুত সম্ভব এনটিভি চালু করতে তারা চেষ্টা চালাচ্ছেন। তবে প্রধান প্রকৌশলী বেলাল আমাম বলেন “আমাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় আমরা এখনো ক্ষয়ক্ষতির হিসেব করতে পারিনি। আগামীকাল (বুধবার) হয়ত আমাদের ভেতরে ঢুকতে দেবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কথা বলেন এনটিভির মহা ব্যবস্থাপক এনায়েতুর রহমান বাপ্পী, নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ প্রমুখ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা মঙ্গলবারও ভবনটির ভেতর সন্ধান চালান। র‌্যাব ও পুলিশ সদস্যরা গোটা ভবনটিকে ঘিরে রেখেছেন। ভবনের কোন কর্মকর্তা--কর্মচারীকেও ভেতরে  প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার সকাল থেকেই তদন্ত কর্মকর্তারা কয়েকদফা বিএসইসি ভবন ঘুরে দেখেন। দুপুর ১২ টার দিকে আইন উপদেষ্টা ব্যারিষ্টার মঈনুল হোসেন ভবনটি পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ভবনটি দেখতে আসেন।

বিএসইসি ভবনে আগুনের ঘটনা সোমবার তিনজনের মৃত্যুর খবর জানা যায়। এরা হলের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) সৈয়দ আফতাব উদ্দিন মোল্লা, একই প্রতিষ্ঠানের কর্মী মোকসেদা বেগম ও এনটিভির ক্লিনার জ্যোৎস্না বেগম। ১১ তলা এ ভবনটিতে দুটি বেসরকারি টেলিভিশন, একটি দৈনিক পত্রিকা ও ব্যাংকসহ অন্তত ১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি ছাড়াও শিল্প মন্ত্রলায়ের অধীনে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ২৪ ঘণ্টায় এবং স্বরাষ্ট মন্ত্রণালয়ের কমিটি রিপোর্ট দেবে ৪৮ ঘণ্টার মধ্যে।