বিএম বাকির কারাগারে
সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি বিএম বাকির হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার পরে তাকে র্যাব--৩ কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। সরকারপক্ষ আদালতকে জানায়, বাকির হোসেন সিবিএ নেতা হিসাবে বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে বিপুল কালো টাকার মালিক হয়েছেন। গত ২২ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনে তিনি সম্পদের সঠিক হিসাব দাখিল না করে পালিয়ে আত্মগোপনে চলে যান।
আদালতে সরকারপক্ষ বলে, বাকির হোসেন জরুরি ক্ষমতা অধ্যাদেশের বিধিমালা ভঙ্গ করে ট্রেড ইউনিয়নের কাজে অংশ নেন। তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ও মর্যাদা নষ্ট করেছেন।
জামিন আবেদনে এডভোকেট ছানাউল্লাহ মিয়া ও মোহাম্মদ আলী বলেন, বাকির জনপ্রিয় সিবিএ নেতা। তিনি দুদক কার্যালয় থেকে পালিয়ে আসেননি। সংবাদ মাধ্যমগুলো ভুল প্রচার করেছে।
বাকিরকে জামিন দেওয়া না হলে তাকে ডিভিশনসহ কারাগারে জিজ্ঞাসার ব্যবস্থা করার আবেদন জানান এই দুই আইনজীবী।
ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা জামিন আবেদন নামঞ্জুর করে কারাবিধি অনুসারে মর্যাদা যাচাই সাপেক্ষে ডিভিশন ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিন।
এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের আইন ও অস্ত্র আইনের আলাদা দুই মামলায় ডেমরার সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদকে ৪ দিনের পুলিশ রিমান্ড শেষে একই ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
