২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ার উপায় খুঁজতে হবে’

গ্রিন হাউজ গ্যাস নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ি দেশগুলোকে শুধু তিরস্কার করলেই চলবে না, জলবায়ুর এই পরিবর্তনের কারণে বিশ্বে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা অধিবাসীরা কীভাবে তা মোকাবেলা করবে তার উপায়ও খুঁজে বের করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দরিদ্র মানুষ কীভাবে বাঁচবে সে উপায় খুঁজতে ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেছেন।

সম্মেলনে যোগদানকারী জলবায়ু পরিবর্তন বিষয়ে টরেন্টোভিত্তিক বিশেষজ্ঞ ইয়ান বার্টন সোমবার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সহজভাবে ব্যাখ্যা করতে হলে বলতে হয়, এটা আবহাওয়াকে অস্থিতিশীল করেছে।”

তিনি বলেন “আমরা ধরে নিয়েছিলাম আবহাওয়া স্থিতিশীল আছে। কিন্তু এখন অন্যরকম ভাবতে হচ্ছে।”

বিশ্বব্যাপী কমিউনিটি লেভেল এডাপটেশন কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট এবং ঢাকাভিত্তিক বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ।

ক্রমবর্ধমান তাপমাত্রা “খুব সম্ভবত” মানুষের কর্মকাণ্ডেরই ফল--বৈশ্বিক উষ্ণতার কারণ ও ঝুঁকির বিষয়ে জাতিসংঘ সমর্থিত ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নামের একটি সংস্থার এ ঘোষণার পর আয়োজন করা হয় ঢাকার এ সম্মেলন।

উচ্চ তাপমাত্রার সঙ্গে ভারতের পার্বত্য এলাকার লোকেরা কীভাবে খাপ খাইয়ে চলছে, বন্যার সময় বাংলাদেশ ও নেপালের, খরার সময় কেনিয়ার; মাটিতে লবণাক্ততার সময় শ্রীলঙ্কার এবং স্বাস্থ্যসমস্যা মোকাবেলায় জিম্বাবুয়ের লোকেরা কীভাবে প্রচলিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগায় তা নিয়ে সোম ও মঙ্গলবার এই সম্মেলনে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, এই উষ্ণতা বৃদ্ধির জন্য বিশ্বের গরিব মানুষরা দায়ি না হলেও তারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে এর ক্ষতিকর প্রভাবের।

বার্টন বলেন, “বৈশ্বিক উষ্ণতা এখন একটি বাস্তবতা। দায়ি ধনি দেশগুলো। কিন্তু তার বোঝা বহন করছে অধিক দরিদ্ররা।”

বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে অনেক গরিব দেশ। এসব দেশের বেশিরভাগ লোকের আয় ১ মার্কিন ডলারেরও কম।

বৈশ্বিক উষ্ণতা কীভাবে প্রভাব ফেলছে তার অন্যতম দৃষ্টান্ত ১৪ কোটি ৪০ লাখ অধিবাসীর দেশ বাংলাদেশ। যদিও গ্রিন হাউজ গ্যাস নির্গমনে ঘনবসতিপূর্ণ এ দেশটির ভূমিকা “খুবই কম।”

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আতিক রহমান বলেন, গবেষকদের বক্তব্য অনুসারে কয়েক দশকের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি এক ফুট বেড়ে যায় সেক্ষেত্রে বিস্তির্ণ উপকূলে বসবাসরত ১২ শতাংশ লোকের ঘরবাড়ি তলিয়ে যাবে।

দেশের দক্ষিণ--পশ্চিমাঞ্চলের মিঠা পানির সঙ্গে লবণাক্ত পানির সংমিশ্রণ, নদী তীরবর্তী এলাকার বন্যা এবং উত্তরাঞ্চলের খরা এখনকার বাস্তবতা।

রহমান বলেন, “আরো ভোগান্তির শিকার হবে আমাদের দরিদ্র লোকেরা। ভবিষ্যতে আরো প্রকট হবে তাদের দারিদ্র।”

বার্টন বলেন, কেন ও কীভাবে ক্রমাগত উষ্ণ হচ্ছে বিশ্ব সে বিষয়ে সব কিছুই পরিষ্কার। তবে এখনই সময় খাপ খাওয়ানো প্রক্রিয়ার উপর গুরুত্বারোপ করার।

বার্টন বলেন, “অধিবাসীভিত্তিক খাপ খাওয়ানো প্রক্রিয়াই সমাধান। এটা নিশ্চিত করবে টেকসই উন্নয়নের।”

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট এর জলবায়ু পরিবর্তন গ্র“পের প্রধান সালিমুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়ের পাশাপাশি গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমিয়ে আনার বিষয়েও অবশ্যই গুরুত্বারোপ করতে হবে আন্তর্জাতিক নীতিতে।

হক বলেন, “অলসভাবে বসে থাকতে পারে না ঝুঁকিতে থাকা সম্প্রদায়গুলো।”

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে দাঁড়ানোর মতো অর্থ, সম্পদ ও প্রযুক্তির অভাব রয়েছে দরিদ্র দেশগুলোর। প্রয়োজন পুরো বিষয়টি আবারো চিন্তা করা এবং খাপ খাওয়ার উপর গুরুত্বারোপ করা।”

হক আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার বিষয়ে অন্যান্য দেশকে শিক্ষা দেয়ার মতো অনেক কিছু আছে বাংলাদেশের।

তিনি বলেন, “বন্যা ও খরা থেকে ঝুঁকি কমিয়ে আনার জন্য স্থানীয় লোকজন প্রচলিত জ্ঞান ও অভিজ্ঞতাগুলোর উন্নয়ন ঘটিয়েছে। এগুলো বিশ্বের অন্যান্য এলাকার লোকদের জন্যও প্রযোজ্য।”