সম্পত্তির হিসাব না দেওয়ায় ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক
নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পত্তির হিসাব দিতে ব্যর্থ হওয়া নয় জনের বিরুদ্ধে দুই একদিনের মধ্যেই ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে রিট করায় বাকি ছয় জনের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনার হাবিবুর রহমান এ কথা বলেন। অন্য কমিশনার আবুল হাসান মনজুর মান্নান ও সচিব মো. দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান জানান, সম্পত্তির হিসেব না দেওয়া ১৫ জনের মধ্যে যে ছয় জন আদালতে রিট মামলা করেছে, রায় না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেবে না।
অন্য নয় জন সম্পর্কে হাবিবুর রহমান বলেন, “আমরা জেনেছি মকবুল হোসেন, আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান (শাহআলম) বিদেশে রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কমিশনের সীমাবদ্ধতা রয়েছে। তবে এই বিষয়ে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে, দুই একদিনের মধ্যেই তা জানা যাবে।”
অন্য যে ছয় জন সম্পত্তির হিসেব দেননি তাদের মালামাল জব্দ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগকে ব্যবস্থা নিতে বলা হবে বলে কমিশনার সাংবাদিকদের জানান।
চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন আটক না পলাতক? এই প্রশ্নের জবাবে দুদক সচিব মো. দেলোয়ার হোসেন জানান,“আমরা কারাগারগুলোতে খোঁজ নিয়ে জেনেছি সে আটক নয়। তাই ধরে নেওয়া যায় সে পলাতক।”
দুর্নীতির সঙ্গে যারা জড়িত আছেন তাদের নতুন তালিকা কবে প্রকাশ করা হবে কিনা-- প্রশ্নের জবাবে আবুল হাসান মনজুর মান্নান বলেন,“সময় হলেই সেটা প্রকাশ করা হবে। তবে আমরা এখন বেশি ব্যস্ত আছি যারা সম্পত্তির হিসেব দিয়েছেন তাদের নিয়ে।”
এদিকে মঙ্গলবার সকালে দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধূরী ব্যক্তিগত সফরে পাকিস্তান গেছেন। ৮ মার্চ পর্যন্ত ছুটিতে থাকলেও সপ্তাহিক ছুটির পর আগামী ১১ তারিখ তিনি অফিস করবেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
