নিম্ন আদালতের সব তথ্য জানাতে বলেছে আপিল বিভাগ
বিচার বিভাগ আলাদা করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর জন্য নিু আদালতের বিচারক, মামলার সংখ্যা ও অবকাঠামোগত তথ্য দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারকে নিদের্শ দিয়েছে আপিল বিভাগ।
একইসঙ্গে বিচার বিভাগ আলাদা করতে সরকার প্রণীত চারটি বিধিমালা ও ফৌজদারি কার্যবিধি সংশোধনীর কিছু ক্রটি সংশোধনেরও নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোঃ রুহুল আমিন, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি এম এম রুহুল আমিন, বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি আমিরুল কবির চৌধুরী ও বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নিয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ১৮ মার্চ বিচার বিভাগ আলাদা করতে পরবর্তী নির্দেশ দেবে আপিল বিভাগ। ওইদিন আদালত অবমাননায় অভিযুক্ত নয় সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচার বিভাগ আলাদা করা সংক্রান্ত মাযদার হোসেন মামলার বাদী পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম আপিল বিভাগের এসব আদেশকে বাস্তবমুখী পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।
আদালতের আদেশে বলা হয়, জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা ও ফৌজদারি কার্যবিধির সংশোধনী পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এসব বিধিমালার বেশ কিছু সংশোধনী এনে চার বছর আগে বাস্তবায়নের জন্য সরকারকে আদালত নির্দেশ দিয়েছিল। এর মধ্যে অনেক সময় পার হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৬ জানুয়ারি সরকার চারটি বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করেছে। এছাড়া ২২ জানুয়ারি জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ। মাযদার হোসেন মামলার রায়ের সঙ্গে এই বিধিমালা ও অধ্যাদেশের বেশ কিছু অসঙ্গতি ও ক্রটি রয়েছে।
ক্রটিগুলো সংশোধনের জন্য পাঁচদফা সুপারিশ করে আদালত।
আদালত আদেশে বলেছে, বর্তমানে বিচার বিভাগ কীভাবে কাজ করছে তা জানা দরকার। নিু আদালতে কতজন ম্যাজিস্ট্রেট আছেন, কতগুলো আদালত রয়েছে, বিচারাধীন মামলার সংখ্যা কত, নিষ্পত্তির হার কত, কতজন কর্মচারী কাজ করছে, কতগুলো মুন্সিখানা আছে-- এসবসহ অবকাঠামোগত সঠিক বিষয় দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও সংস্থাপন সচিবকে জানাতে হবে।
একইসঙ্গে আদালত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও সহকারী জজের সংখ্যা, বিচারাধীন মামলার সংখ্যা, নিস্পত্তির হার, বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তার ভবিষ্যত পরিকল্পনা দুই সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে নির্দেশ দেয়। হলফনামা দাখিলের মাধ্যমে এসব তথ্য জানাতে বলা হয়েছে।
নয় সরকারি কর্মকর্তার কৌসুলী টি এইচ খান বলেন, বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু এই সরকারি কর্মকর্তারা দুই বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন। তিনি তাদের আদালতে হাজিরা থেকে অব্যাহতির দেওয়ার আবেদন জানান।
আদালত বলেছে, ১৮ মার্চ তাদের আদালতে আসতে হবে। ওইদিন এ বিষয় নিষ্পত্তি হবে।
