২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপদেষ্টার সঙ্গে দেখা করলেন দুদক চেয়ারম্যান

দুদকে বিদ্যমান আইন, অর্গানোগ্রাম ও প্রশাসন সংস্কারসহ পুনর্গঠন বিষয়ে দুই উপদেষ্টার সঙ্গে দেখা করে পরামর্শ নিয়েছেন দুদক চেয়ারম্যান লেঃ জেনারেল (অব) হাসান মশহুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 03:43 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার সকালে তিনি যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এবং আইন উপদেষ্টা ব্যারিস্ট্রার মইনুল হোসেনের সঙ্গে পৃথকভাবে তাদের কার্যালয়ে দেখা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন দুদকের দুই কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর মান্নান এবং সচিব দেলোয়ার হোসেন।

এম এ মতিনের সঙ্গে সাক্ষাৎ শেষে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যোগাযোগ উপদেষ্টা জেনারেল মতিন দুর্নীতি দমন ব্যুরোর মহা পরিচালক ছিলেন তাই আমি তাঁর কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে এসেছি।"

তিনি বলেন, “মতিন সাহেব যে পরামর্শ দিয়েছেন তা ইতিবাচক হিসেবেই দেখছি। শিগগিরই এ পরামর্শের উপর কাজ শুরু করবো।”

পরে যোগাযোগ উপদেষ্টা মতিন বলেন, “বিদ্যামান আইন সংস্কারের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। ৫৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৬টি আইন এবং ৪৭টি ধারা ছিল। ২০০৪ সালে ১৫টি আইন এবং ৩৪টি ধারা বাদ দিয়ে ১টি আইন এবং ১৩টি ধারা রাখা হয়েছে।”

তিনি মন্তব্য করেন “এতে দুদককে প্রসারিত না করে সংকুচিত করা হয়েছে”।

উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে দেখা করার পরপরই হাসান মশহুদ চৌধুরী আাইন উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।

সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “দুদকের বিদ্যমান আইনের বিষয়ে আমার সঙ্গে আলাপ হয়েছে। বিদ্যামান আইনের বিভিন্ন বিধিমালা সংশোধনী এনে এর খসরা সরকার চুড়ান্ত করেছে । এ খসরাটি দুদদ দেখবে, তারপর বিধিমালা চুড়ান্ত করা হবে।”