জমা নেওয়া অস্ত্র ফেরত দিয়ে দেবে সরকার
নির্বাচনকে সামনে রেখে ইয়াজউদ্দিন সরকারের জমা নেওয়া বৈধ অস্ত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
২২ জানুয়ারির নির্ধারিত নির্বাচন বাতিল হলেও ফখরুদ্দীন আহমদের সরকার বৈধ অস্ত্র জমা নেওয়ার সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১মার্চ থেকে বৈধ অস্ত্রের মালিকরা জমা দেওয়া অস্ত্র সংশ্লিষ্ট থানা থেকে তুলতে পারবেন।
সরকারি কর্মকর্তারা জানান, যারা সরকারি আদেশ অনুযায়ী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ হিসেব অনুসারে দুই হাজার ৩৫১ জন অস্ত্র মালিক এখনো অস্ত্র জমা দেননি।
ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সামনে রেখে সব ধরনের বৈধ রিভলবার ও পিস্তল জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। রোববার পর্যন্ত অস্ত্র জমা পড়েছে ছয় হাজার ৬৭৬টি।
দেশে লাইসেন্স প্রাপ্ত মোট অস্ত্রের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৫১৫টি। এর মধ্যে রিভলবার ও পিস্তলের সংখ্যা নয় হাজার ৫৪৭টি।
৫২০টি রিভলবার এবং বন্দুক শুটিং ফেডারেশন ও রাইফেলস ক্লাব এবং বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা রক্ষার জন্য ব্যবহার করা হয়। এগুলো জমা দেওয়ার কোনো সরকারি নির্দেশ ছিল না। একই সঙ্গে শটগান, বন্দুক ও রাইফেল জমা দেওয়ার জন্য সরকারের কোনো নির্দেশ ছিল না।
ব্রিটিশ আমল থেকে শুরু করে এ যাবত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের মোট সংখ্যা এক লাখ ৯৩ হাজার ৯১৪টি। তবে নবায়ন না করায় এ পর্যন্ত ৭৫ হাজার ৩৯৯টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
